লিবিয়া থেকে ফিরেছেন আরও ৩৩৪২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে আজ মঙ্গলবার আরও তিন হাজার ৩৪২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ভাড়া করা ১০টি এবং বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে তাঁরা দেশে আসেন।আইওএমের বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনীর প্রথম আলোকে জানান, গতকাল সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার মধ্যরাতের আগ পর্যন্ত ১১টি ফ্লাইটে তিন হাজার ৩৪২ জনকে লিবিয়া সীমান্ত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এর মধ্যে এক হাজার ১৪৭ জন মিসর এবং দুই হাজার ১৯৫ জন তিউনিসিয়া সীমান্ত থেকে ফিরছেন। এ নিয়ে আইওএমের মাধ্যমে ফেরত আসা বাংলাদেশিদের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৫৭৩ জন।আইওএম জানিয়েছে, ১৭ মার্চের মধ্যে মিসর সীমান্তে নিবন্ধন করা বাকি দুই হাজার ২৫ জনকে ফিরিয়ে আনা হবে। তিউনিস সীমান্তে নিবন্ধন করা বাকি সাত হাজার ৮৬২ জনকে ২৬ মার্চের মধ্যে দেশে ফিরিয়ে আনা যাবে।আজ আইওএমের মাঠ পর্যায়ের সূত্রমতে নতুন কোনো বাংলাদেশি তিউনিস সীমান্তে প্রবেশ করেননি। তবে মিসর সীমান্তে আরও ১০০ জন প্রবেশ করেছেন। এ ছাড়া লিবিয়ার বেনগাজী বন্দরে এক হাজার ৫০০ ও আলজেরিয়া সীমান্তে ১৮৯ বাংলাদেশি আইওএমের মাধ্যমে নিবন্ধিত আছেন।গত তিন সপ্তাহে দুই লাখ ৮০ হাজার ৬১৪ জন বিদেশি লিবিয়া ছেড়ে বিভিন্ন সীমান্তবর্তী দেশে আশ্রয় নিয়েছিলেন। তাঁদের মধ্যে প্রায় ৩০ হাজার বাংলাদেশি। তাঁদের বেশির ভাগই এখন আইওএমের তত্ত্বাবধানে যার যার দেশে ফিরে গেছেন।আইওএমের দক্ষিণ এশিয়া প্রতিনিধি রাবাব ফাতিমা জানিয়েছেন, যাঁরা বেশ কিছুদিন ধরে শরণার্থী-শিবিরে রয়েছেন, তাঁরা হাঁপিয়ে উঠেছেন। আইওএম তাঁদের সেবা দেওয়ার চেষ্টা করছে। মঙ্গলবার ঢাকা থেকে আইওএমের চারজন কর্মকর্তা তিউনিস সীমান্তে পৌঁছেছেন। তাঁরা সেখানে জাতিসংঘের কর্মিবাহিনীর সহায়ক হিসেবে, বিশেষ করে বাংলাদেশিদের সেবা ও প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করবেন।