লিবিয়া থেকে বাংলাদেশিদের ফেরাতে বিশেষ উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিরা যত দ্রুত সম্ভব নিরাপদে দেশে ফেরার প্রহর গুনছেন। খাদ্য ও পানীয় জলের সংকটের পাশাপাশি তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিন্তু তাঁদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো বিশেষ কোনো উদ্যোগ দেখা যায়নি। বরং এ নিয়ে সরকার গতকালও দুই ধরনের বক্তব্য দিয়েছে।গতকাল শনিবার পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সময় এখনো আসেনি। তাঁর যুক্তি, সরকারবিরোধী বিক্ষোভে টালমাটাল উত্তর আফ্রিকার দেশটিতে যোগাযোগ যেমন দুরূহ, তেমনি নাগরিকদের দেশে ফেরাতে সম্পদের অপ্রতুলতাও আছে বাংলাদেশের। পররাষ্ট্রসচিবের পাশে বসেই প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব জাফর আহমেদ খান বললেন, লিবিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রবাসীকল্যাণ তহবিলের টাকা ব্যবহারে সরকার এতটুকু কার্পণ্য করবে না। প্রয়োজনে বিমানে, জাহাজে ও সড়কপথে তাঁদের ফিরিয়ে আনা হবে।এদিকে সরকারের অনুরোধ সত্ত্বেও তিউনিসিয়ায় প্রবেশ করতে পারেনি প্রায় এক হাজার ২০০ বাংলাদেশি। গতকাল তিউনিসিয়া সীমান্ত থেকে তাঁরা আবার ত্রিপোলির ২০০ কিলোমিটার দূরের জাওয়াইয়া শহরে ফিরে এসেছেন।লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের একাদশ দিনে বাংলাদেশিদের প্রথম দল গতকাল সন্ধ্যায় তিউনিসিয়ায় পৌঁছেছে। পররাষ্ট্রসচিব জানান, ৩০০ বাংলাদেশির ওই দলটি লিবিয়ার পশ্চিমের সীমান্তবর্তী দেশটিতে পৌঁছার পর আন্তর্জাতিক রেডক্রস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা তাঁদের দেখভাল করছে। এ ছাড়া গতকাল ৮০৪ জন বাংলাদেশির অন্য একটি দল জাহাজে চড়ে বেনগাজি থেকে গ্রিসের ক্রিট দ্বীপের পথে যাত্রা করেছে।প্রসঙ্গত, প্রায় ৬০ হাজার বাংলাদেশি লিবিয়ায় কর্মরত আছেন।মিজারুল কায়েস বলেন, ক্রিট দ্বীপে যাওয়া লোকজনের ৭৫০ জন চীনা মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। তাঁদের খরচ চীনা কর্তৃপক্ষ দিচ্ছে। অন্যদের গ্রিসে যাওয়ার খরচ দিচ্ছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী জানান, লিবিয়া ছেড়ে মিসর ও তিউনিসিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের সহায়তা দিতে অতিরিক্ত কর্মকর্তাদের লিবিয়ার আশপাশে পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই গতকাল ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক পর্যায়ের এক কর্মকর্তা মিসরের পথে যাত্রা করেছেন। এ ছাড়া আজ একজন কর্মকর্তা ইতালি থেকে এবং এরপর ইরান থেকে আরেকজন মিসরে যাবেন।মিসর সীমান্তে গত বুধবার থেকে আটকে পড়া ৪৫০ জন বাংলাদেশি নিরাপদে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব। তিনি বলেন, তাঁরা কোনো খোলা জায়গায় নয়, সীমান্তে বহির্গমন দপ্তরের আশপাশে রয়েছেন।প্রবাসীকল্যাণ সচিব জানান, আগামী কয়েক দিনের মধ্যে ছয় হাজার বাংলাদেশিকে লিবিয়ার বেনগাজি থেকে মিসরে নেওয়া হচ্ছে। এদের বিমান ও জাহাজযোগে মিসরে নেওয়া হবে। ওই লোকজন দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করছেন। তিনি বলেন, ‘আমরা মিসরে রাষ্ট্রদূতকে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে বাড়ি ভাড়া নেওয়া, খাবার ও পানীয় জল কেনা ও চিকিৎসার ব্যবস্থা নিতে উদ্যোগ নিতে বলেছি। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে ‘ব্ল্যাংক চেক’ দেওয়া হয়েছে। প্রবাসীকল্যাণ তহবিলের টাকা ব্যবহারে আমরা কোনো কার্পণ্য করব না। বিমান, জাহাজ বা গাড়ি যেভাবেই হোক না কেন, বাংলাদেশিদের মিসর ও তিউনিসিয়া পাঠাতে প্রয়োজনে সরকার সব খরচ বহন করবে।’বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, ‘বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি এ মুহূর্তে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে, মিসর ও তিউনিসিয়া সীমান্তে প্রবেশ ও সেখানে যেন অস্থায়ী শিবিরের ব্যবস্থা করা হয়। এ মুহূর্তে তাঁদের লিবিয়ার পাশের দেশ কিংবা লিবিয়াতে তুলনামূলক নিরাপদ কোথাও সরিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছি।’মিজারুল কায়েস বলেন, বাংলাদেশিদের দেশে ফেরত আনার সময় এখনো আসেনি। বেনগাজিতে কয়েক দিন ধরে নিরাপত্তা নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছিল, এখন তা নেই। তা ছাড়া লিবিয়ায় যোগাযোগ স্থাপনের অসুবিধা ও সম্পদের অপ্রতুলতার বিষয়টিও রয়েছে। সামগ্রিকভাবে এখন সেখানে যে পরিস্থিতি রয়েছে, তাতে ব্যাপক হারে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সুযোগ কম। তিনি আশা করেন, লিবিয়ায় এখন যে ধরনের পরিস্থিতি, তাতে গণমাধ্যম আরও দায়িত্বশীল আচরণ করবে, ভীতি ছড়াবে না। এ মুহূর্তে প্রায় ২০০ বাংলাদেশি ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসে আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি।তিউনিসিয়ায় যেতে মামুরায় আটকে পড়া তিন হাজার বাংলাদেশির ভবিষ্যৎ কী, জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, শিনহান ইঞ্জিনিয়ারিং নামের দক্ষিণ কোরিয়ার ওই প্রতিষ্ঠানটি নিজেদের খরচে বাংলাদেশিদের তিউনিসিয়া পাঠানোর আশ্বাস দিয়েছে।তিউনিসিয়া সীমান্ত থেকে ফেরত: লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের প্রবেশের অনুমতি দিতে তিউনিসিয়াকে সরকার অনুরোধ জানিয়েছিল। সরকারের এ উদ্যোগের পরও গতকাল তিউনিসিয়া সীমান্ত থেকে লিবিয়ার জাওয়াইয়ায় ফিরে এসেছে প্রায় এক হাজার ২০০ বাংলাদেশি। দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন ইসু নামের একটি নির্মাণপ্রতিষ্ঠানে কাজ করত সীমান্ত থেকে ফিরে আসা বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী নাহিদ পারভেজ গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সরকার আমাদের তিউনিসিয়ায় যাওয়ার ব্যবস্থা করছে জেনে আমার সহকর্মীরা তিউনিসিয়ার পথে যাত্রা করেন। কিন্তু সীমান্তে গিয়ে তাঁরা জানতে পারেন, এ ধরনের কোনো সিদ্ধান্তের ব্যাপারে তিউনিসিয়ার সীমান্তরক্ষী ও বহির্গমন বিভাগের কর্মকর্তারা কিছু জানেন না।’পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের বলেন, বাংলাদেশের নাগরিকদের পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই প্রবেশের অনুমতি দিতে মিসর ও তিউনিসিয়াকে অনুরোধ জানানো হয়েছে।গতকাল পররাষ্ট্রসচিব তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, বাংলাদেশিদের প্রবেশের অনুমতি দিতে তিউনিসিয়া ইতিবাচক সাড়া দিয়েছে। পাহাড়ের পাদদেশে ২৫০: ত্রিপোলির কাছে গারওয়ান পাহাড়ের পাদদেশে কয়েক দিন ধরে আটকা পড়েছেন প্রায় আড়াই শ বাংলাদেশি। এঁদেরই একজন মোহাম্মদ কামাল গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা হং-সু নামের চীনা মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে কাজ করতাম। মালিকপক্ষ চলে যাওয়ার পর কয়েক দিন ধরে গোলাগুলি, লুটপাট চলছে। আমরা প্রায় অনাহারে আছি। রাতে ব্যাপক গোলাগুলি শুনছি। এমন এক নিরাপত্তাহীন পরিবেশে আছি, যেটা বলে বোঝানো যাবে না। একটাই আকুতি, আমরা বাবা-মায়ের কাছে প্রাণটা নিয়ে ফিরতে চাই। আমাদের নেওয়ার ব্যবস্থা করুন।’সেনাবাহিনীর হাতে আটক পাঁচ: ত্রিপোলির কাছে চীনের মালিকানাধীন ঝিলটন সিমেন্ট প্ল্যান্টের প্রকৌশলী গোলাম রাব্বানিসহ পাঁচজনকে লিবিয়ার সেনাবাহিনী আটক করেছে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, ‘এ বিষয়টি আমাদের জানা নেই। তবে নিয়মানুযায়ী এ ধরনের পরিস্থিতিতে আমরা কনস্যুলারের সুবিধা চাইব। এরপর ঘটনা সত্যি হলে, যত দ্রুত সম্ভব তাঁদের মুক্তির ব্যবস্থা করব।’গোলাম রাব্বানির বরাত দিয়ে তাঁর ভাই হারুন অর রশিদ প্রথম আলো কার্যালয়ে এসে জানান, গতকাল ভোরে ওই পাঁচজনকে ত্রিপোলির একটি বাসা থেকে লিবিয়ার সেনারা আটক করে নিয়ে যায়।