লিবিয়া থেকে সবাইকে দেশে ফিরিয়ে আনতে সময় লাগবে: শ্রমমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, লিবিয়া থেকে সবাইকে দেশে ফিরিয়ে আনতে সময় লাগবে। উড়োজাহাজের যাত্রী পরিবহনের সীমাবদ্ধতার কারণে প্রতিদিন পাঁচ থেকে সাড়ে পাঁচ শয়ের বেশি লোককে দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না। সংঘাতময় লিবিয়া থেকে প্রতিদিন ৫০০ থেকে সাড়ে ৫০০ বাংলাদেশি দেশে ফিরছেন।আজ রোববার জাতীয় সংসদে সাংসদ অপু উকিলের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, লিবিয়ায় ২৭ হাজার বাংলাদেশি কর্মী নিয়োজিত ছিলেন। সংঘাতময় পরিস্থিতিতে এসব বাংলাদেশির মধ্যে ১৭ হাজার তিউনিসিয়ায় ও ১০ হাজার মিসরে অবস্থান করছেন। এসব কর্মীর মধ্যে নিয়োগকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে অনেকেই আসছেন। যাঁদের এ ব্যবস্থা নেই (নিয়োগকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে), তাঁদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।সাংসদ সানজিদা খানমের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, লিবিয়ার পরিস্থিতি উন্নত হলে লিবিয়াফেরত কর্মীরা আবার ওই দেশে ফিরতে পারবেন। এসব কর্মীর তালিকা করা হচ্ছে। ভবিষ্যতে সুযোগ এলে তাঁরা অগ্রাধিকার পাবেন। সাংসদ তারানা হালিমের এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, মধ্যপ্রাচ্যে আন্দোলনের যে ঢেউ এসেছে, তাতে ওই অঞ্চলে জনশক্তি রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়া স্বাভাবিক। এতে বাংলাদেশও প্রভাবিত হবে। তবে মধ্যপ্রাচ্যে লোক পাঠাতে পারি বা না পারি, অন্যান্য দেশে জনশক্তি রপ্তানি অব্যাহত রয়েছে। পাশাপাশি নতুন শ্রমবাজারও খোঁজা হচ্ছে, বিশেষ করে আফ্রিকা, পাপুয়ানিউগিনি, সোভিয়েত রাশিয়া, ইউরোপ ও নিউজিল্যান্ডে লোক পাঠানোর চেষ্টা চলছে। এ জন্য পাঁচটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদল শিগগির ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সম্ভাবনাময় শ্রমবাজার সফর করবে।সাংসদ সানজিদা খানমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশে কর্মসংস্থান বাড়ানোর জন্য সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদল নিয়মিত শ্রমিক আমদানিকারক দেশগুলোতে সফর করছে ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা হয়েছে।