লিবিয়া প্রবাসী ২৪ হাজার ৯১৩ বাংলাদেশি দেশে ফিরছেন: পররাষ্ট্রমন্ত্রী
লিবিয়া থেকে ২৪ হাজার ৯১৩ জন বাংলাদেশি দেশে ফিরছেন। এঁদের মধ্যে দুই হাজার ৩৯৪ জন ইতিমধ্যে দেশে ফিরেছেন। আজ শুক্রবার সারা দিনে আরও ৭০০-এর মতো বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরবেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, বিভিন্ন দেশ, বাংলাদেশি শ্রমিকেরা যেসব প্রতিষ্ঠানে কাজ করেন সেসব প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশি মিশনের সহায়তায় লিবিয়া প্রবাসী বাংলাদেশিদের দেশে আনা হচ্ছে। তিনি আরও বলেন, ‘লিবিয়ায় কতজন বাংলাদেশি আছেন, আমাদের কাছে তার সংখ্যা নেই। তবে ধারণা করা হয়ে থাকে, ৫০ থেকে ৬০ হাজার বাংলাদেশি লিবিয়ায় কর্মরত আছেন।’পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সীমিত সামর্থ্য, আর্থিক সীমাবদ্ধতাসহ নানা প্রতিকূলতা সত্ত্বেও অভিবাসী কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে আনা এবং দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সরকার সব করছে। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত লিবিয়া থেকে তিউনিসিয়া সীমান্তে কড়াকড়ি ছিল। তবে সন্ধ্যায় তিউনিসিয়া সীমান্ত খুলে দেওয়া হয়। তখন ১১ হাজার বাংলাদেশি সেখানে প্রবেশ করে।সরকার লিবিয়া থেকে সব বাংলাদেশিকে ফিরিয়ে আনার কথা বিবেচনা করছে না কেন—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, লিবিয়ার সব স্থানে বিক্ষোভ চলছে না। যারা খুব বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছে, তাদের লিবিয়া থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং অনেককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। লিবিয়া পরিস্থিতির আরও অবনতি হলে সে দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তায় সরকার সব করবে।