লিবিয়া-প্রবাসীদের আনতে যাচ্ছে জাহাজ, ফিরেছেন ১০১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সরকার জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। লেবাননে অবস্থানরত নৌবাহিনীর একটি জাহাজ আগামী তিন দিনের মধ্যে ত্রিপোলি পৌঁছাতে পারে। সরকারের দায়িত্বশীল একটি সূত্র গতকাল সোমবার প্রথম আলোকে এ তথ্য জানায়।এদিকে লিবিয়ার ত্রিপোলি থেকে ১০১ জন বাংলাদেশি গতকাল দেশে ফিরেছেন। লিবিয়ায় অস্থিতিশীলতা শুরুর পর এই প্রথম বাংলাদেশিরা দেশে ফিরলেন।গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের উদ্ভূত সমস্যা এবং তাঁদের ফিরিয়ে আনার ব্যাপারে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের সব রকম প্রস্তুতি আছে। পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় সবকিছু করা হবে। বৈঠকের একটি সূত্র জানায়, প্রবাসী সবাইকে দেশে আনা হবে না। যাঁরা ফিরতে চান এবং সেখানে সমস্যায় আছেন, কেবল তাঁদেরই আনা হবে।বৈঠকে প্রবাসীকল্যাণমন্ত্রী মোশাররফ হোসেন লিবিয়ার বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ বর্ণনা করেন। প্রবাসীদের সহায়তায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাহায্য নেওয়ার কথাও তিনি জানান।ফিরলেন ১০১ বাংলাদেশি: লিবিয়ার ত্রিপোলি থেকে ১০১ জন বাংলাদেশি গতকাল দেশে ফিরেছেন। লিবিয়ায় অস্থিতিশীলতা শুরুর পর এই প্রথম বাংলাদেশিরা দেশে ফিরলেন।বিমানবন্দরের কল্যাণ ডেস্কের কর্মকর্তা কাজী ফারুক আহমেদ প্রথম আলোকে জানান, দুপুর ১২টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ১০১ জন বাংলাদেশি ত্রিপোলি থেকে ঢাকায় এসেছেন।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে জানিয়েছেন, দু-এক দিনের মধ্যে আরও কয়েক শ বাংলাদেশি ফিরে আসবেন।গত সপ্তাহে লিবিয়ায় প্রবল সরকারবিরোধী আন্দোলন শুরুর পর বাংলাদেশিসহ হাজার হাজার বিদেশি নাগরিক সেখানে আটকা পড়েন। গত বৃহস্পতিবার লিবীয় সেনাবাহিনী তাঁদের মিসর সীমান্তবর্তী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মিসর ও তিউনিসিয়া সীমান্তে এখন প্রায় চার হাজার বাংলাদেশি আছেন। এদিকে লিবিয়ার মামুরা শহর থেকে আরও তিন হাজার বাংলাদেশি গতকাল তিউনিসিয়ার উদ্দেশে যাত্রা করেছেন। দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন শিনহান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত মো. হাসানুজ্জামান গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে জানান, বাসে করে তাঁরা তিউনিসিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। দক্ষিণ কোরিয়ার ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বাংলাদেশিদের তিউনিসিয়ায় নেওয়ার বিষয়টি তত্ত্বাবধান করছেন।লিবিয়ায় বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন। বাংলাদেশিরা মূলত ত্রিপোলি, বেনগাজি ও সাবা এলাকায় থাকেন। যাঁরা ফিরতে চান, তাঁদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি (আইসিআরসি), জাতিসংঘের উদ্বাস্তু সংস্থাসহ (ইউএনএইচসিআর) আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে সরকার।প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, লিবিয়ার প্রবাসী সব বাংলাদেশিকে যদি সরিয়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলেই কেবল সরকার সবাইকে সরিয়ে আনবে। এ জন্য সব ধরনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। প্রস্তুত রাখা হচ্ছে জাহাজ ও বিমান। বেশির ভাগ বাংলাদেশি এখন পর্যন্ত নিরাপদে আছেন বলে জানান মন্ত্রী।