লিবিয়া-ফেরত কর্মীরা ৫০ হাজার টাকা করে পাবেন : প্রবাসীকল্যাণমন্ত্রী
লিবিয়া-ফেরত ক্ষতিগ্রস্ত কর্মীদের কমপক্ষে ৫০ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার। এ ছাড়া ফেরত আসা ব্যক্তিদের মধ্যে যাঁরা আবার বিদেশে যেতে চান, অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন দেশে তাঁদের পাঠানো হবে। এ জন্য বিশ্বব্যাংক বাংলাদেশকে ঋণ হিসেবে সহজ শর্তে ৪০ মিলিয়ন মার্কিন ডলার (২৯০ কোটি টাকা) আর্থিক সহায়তা দেবে।বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ‘কলম্বো প্রসেস’ বৈঠক নিয়ে বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, লিবিয়া থেকে একবারে বিপুলসংখ্যক লোক ফেরত আসা সবার জন্য একটি সতর্কসংকেত। একবারে এত লোক ফিরে আসা কিংবা এমন পরিস্থিতির জন্য কোনো দেশই আগে থেকে প্রস্তুত ছিল না। এ কারণে এবারের কলম্বো প্রসেস সম্মেলনে ভবিষ্যতে এ ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলার কর্মপন্থা ঠিক করা হবে।সংবাদ সম্মেলনে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আসাদুল ইসলাম, বেগম শামসুন্নাহার চৌধুরী ও আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।মন্ত্রী বলেন, এশিয়ার ১১টি দেশের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য একটি আঞ্চলিক আলোচনা-প্রক্রিয়া হচ্ছে কলম্বো প্রসেস। এবারের সম্মেলনের আয়োজক বাংলাদেশ। কাল মঙ্গলবার সচিব পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে সম্মেলন শুরু হবে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন।