লিবিয়া ফেরত বাংলাদেশিদের অর্থ সহায়তা দেওয়া শুরু
লিবিয়া ফেরত বাংলাদেশিদের এককালীন অর্থ সহায়তা দেওয়া শুরু করেছে সরকার। আজ রোববার ১০ জনের হাতে টাকা তোলার প্রয়োজনীয় কাগজ দেওয়া হয়। বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুরে বেগম শেখ ফজিলাতুন্নেসা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন। মন্ত্রী বলেন, মাত্র তিন মাস সময়ের মধ্যে লিবিয়া ফেরত বাংলাদেশিদের অর্থ সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। এত অল্প সময়ের মধ্যে কোনো প্রকল্পে বিশ্বব্যাংক অর্থ ছাড় করেনি। লিবিয়া থেকে ফেরত আসার পর বিমানবন্দরে প্রত্যেক কর্মীর নাম নিবন্ধন করা হয়েছিল। এ জন্য দ্রুত এ প্রক্রিয়া শুরু করা গেছে। ইরাক-কুয়েত যুদ্ধের সময় কুয়েত ফেরত অনেক বাংলাদেশি শ্রমিক এখনো অর্থ পায়নি বলে জানান মন্ত্রী। তিনি বলেন, লিবিয়া ফেরত প্রত্যেকে ৫০ হাজার টাকা করে পাবেন। সরকার তাদের বিমান ভাড়া দিয়ে ফেরত এনেছে। এখন ফেরত আসাদের কেউ যদি আবার বিদেশ যেতে চায় তাহলে সে ব্যবস্থাও করা হবে। শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান বলেন, ‘আমরা যাচাই-বাছাই শেষে প্রত্যেক কর্মীর ব্যাংক হিসাবে ৫০ হাজার টাকা করে দিচ্ছি। মধ্যসত্ত্বভোগীরা যেন কোনো সমস্যা করতে না পারে এ জন্য এ ব্যবস্থা।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) দক্ষিণ এশীয় অঞ্চলের প্রতিনিধি রাবাব ফাতিমা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, লিবিয়া ফেরত ৩৬ হাজার ৫৯৪ বাংলাদেশিকে এ অর্থ সহায়তা দেওয়া হবে।