লিবিয়া ফেরত শ্রমিকদের চাকরি দেবে বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া ফেরত বাংলাদেশি শ্রমিকদের চাকরি দেবে বাংলাদেশ পোশাক তৈরি ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বিজিএমইএ যুদ্ধবিধ্বস্ত লিবিয়া থেকে আগত বাংলাদেশি শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে পোশাকশিল্পে নিয়োগ করবে।বিজিএমইএর একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করেন। সমিতির নবনির্বাচিত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আমরা লিবিয়া ফেরত বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দেব।’ বৈঠকে বিজিএমইএর নেতারা বিশ্বব্যাপী মন্দা এবং জিএসপি-সমস্যা থাকলেও দেশের অর্থনীতির চাকা সচল রাখায় বলিষ্ঠ নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।বৈঠক শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন। প্রধানমন্ত্রী বিজিএমইএর নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর সরকার টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে যোগাযোগ নেটওয়ার্ক এবং বিদ্যুত্ পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, এ ধরনের অনুষ্ঠান শ্রমিক-মালিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হবে।এর আগে বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম ও সহসভাপতি (অর্থ) এস এ মান্নান প্রধানমন্ত্রীর হাতে সমিতির ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। বাসস।