লিবিয়া-ফেরত শ্রমিকেরা চেকের মাধ্যমে ৫০,০০০ টাকা করে পাবেন
লিবিয়া-ফেরত বাংলাদেশি শ্রমিকেরা ৫০ হাজার টাকা করে পাবেন। আগামী জুলাই মাস থেকে ব্যাংকের চেকের মাধ্যমে তাঁদের এই টাকা দেওয়া হবে।আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সঙ্গে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। আইওএম টাকা দেওয়ার বিষয়টি তদারকি করবে।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামছুন নাহার এবং আইএমওর বাংলাদেশের আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতিমা এতে সই করেন। এ সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান উপস্থিত ছিলেন।চুক্তি সই শেষে আইএমওর আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতিমা বলেন, লিবিয়া-ফেরত বাংলাদেশিদের সব তথ্যসংবলিত ডেটাবেজ তৈরি করা হয়েছে। তিনি জানান, জুলাই মাসের প্রথম সপ্তাহে কল সেন্টারের মাধ্যমে লিবিয়া থেকে ফেরত শ্রমিকদের ডাকা হবে। দ্বিতীয় সপ্তাহ থেকে যাচাই-বাছাই করা হবে। তারপর চূড়ান্ত ডেটাবেজ সোনালী ব্যাংকে পাঠানো হবে।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশি কর্মীরা নিজ ব্যাংকের হিসাব নম্বরের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে টাকা নিতে পারবেন।আইএমও সূত্রে জানা গেছে, যুদ্ধবিধ্বস্ত লিবিয়া থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৬ হাজার ৫৪১ জন। তাঁদের মধ্যে ৩০ হাজার ৯৪১ জন ফিরেছেন আইওএমের সহায়তায়। গত মে-জুন মাসেও নারী-পুরুষসহ এক হাজার ৮৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। লিবিয়ার বিভিন্ন সীমান্তে বাংলাদেশিদের আগমন ও তাঁদের দেশে প্রত্যাবর্তন-প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।