লিবিয়া বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় হামলা নিয়ে দেশে তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। লিবিয়া বিষয়ে অস্বচ্ছতা দূর করতে জাতির উদ্দেশে তিনি বক্তব্য রাখবেন। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রেসিডেন্ট ওবামার বক্তব্যটি বেতার ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।প্রেসিডেন্ট ওবামা প্রভাবশালী মার্কিন আইনপ্রণেতাদের চাপের মুখে পড়েছেন। প্রভাবশালী রিপাবলিকানসহ নিজ দলের আইনপ্রণেতারাও লিবিয়া প্রশ্নে স্বচ্ছ অবস্থান নেওয়ার জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানাচ্ছেন। লিবিয়ায় যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট লক্ষ্য কী এবং জড়িয়ে পড়া যুদ্ধ থেকে সরে আসার কৌশল সম্পর্কেও তাঁরা জানতে আগ্রহী। গত শুক্রবার প্রেসিডেন্ট ওবামা ও উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা আইনপ্রণেতাদের সঙ্গে দীর্ঘসময় কথা বলেন। প্রেসিডেন্ট ওবামা লিবিয়া পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ আইনপ্রণেতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছেন। আইনপ্রণেতাদের প্রশ্নের জবাবে জানানো হয়েছে, লিবিয়ায় সামরিক অভিযানে নেতৃত্বের ভূমিকায় যুক্তরাষ্ট্র থাকবে না। প্রেসিডেন্ট বারাক ওবামা অবশ্য আবারও বলেছেন, মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র অনুসরণ করবে। লিবিয়ার বেসামরিক জনগণের নিরাপত্তার কথাই মূলত নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবে বলা হয়েছে। কংগ্রেসের স্পিকার জন বয়েনার বলেছেন, লিবিয়ায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য কী, প্রেসিডেন্ট ওবামার সেটি স্পষ্ট করা উচিত।প্রেসিডেন্ট ওবামা ব্রাজিল সফরকালে লিবিয়ায় বিমান হামলার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট ওবামা বিদেশ সফরে থেকে তৃতীয় কোনো দেশে সামরিক হামলার নির্দেশ দিয়েছেন। লিবিয়া অভিযানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে মার্কিন কংগ্রেসে কোনো আলোচনা হয়নি। সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করেই প্রেসিডেন্ট ওবামা সিদ্ধান্ত গ্রহণ করেছেন।হোয়াইট হাউসের দেওয়া তথ্যমতে, প্রেসিডেন্ট ওবামা তাঁর বক্তব্যে জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞার ব্যাখ্যা দেবেন। লিবিয়ার বেসামরিক জনগণকে রক্ষার জন্য ন্যাটোসহ আরব মিত্র দেশগুলোর সমন্বিত উদ্যোগের কথাও তিনি বলবেন।পেন্টাগন জানিয়েছে, লিবিয়ায় এক সপ্তাহের সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র নেপথ্য ভূমিকায় যাবে। সামরিক অভিযানের নেতৃত্ব ন্যাটোর হাতে তুলে দেওয়া হবে।