লিবিয়াফেরত প্রবাসীদের স্বাস্থ্যসেবা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, লিবিয়ার সংকটকালে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা এবং পার্শ্ববর্তী দেশের শরণার্থী ক্যাম্পে তাঁদের পরিচর্যা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এ ব্যাপারে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশ সরকার নিয়মিত যোগাযোগ রাখছে। আজ শুক্রবার বিকেলে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে স্থাপিত লিবিয়া থেকে প্রত্যাগত অভিবাসীদের স্বাস্থ্যসেবাকেন্দ্র পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। এ ছাড়া দেশে ফিরে এসেও প্রবাসীরা বিমানবন্দরে স্বাস্থ্যসেবা পাবেন বলে জানিয়েছেন তিনি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ৭ মার্চ এই কেন্দ্র স্থাপন করেছে। এই স্বাস্থ্যসেবাকেন্দ্রে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা পাবেন লিবিয়াফেরত প্রবাসীরা। এখানে প্রয়োজনীয় ওষুধ, হুইল চেয়ার, একটি অ্যাম্বুলেন্সসহ সংকটাপন্ন রোগীদের প্রাথমিক চিকিত্সা দিতে বিশেষ শয্যার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ কাজে সরকারকে সহায়তা করছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের নেওয়া কার্যক্রমের ফলে লিবিয়ায় অভিবাসী বাংলাদেশিদের আত্মীয়স্বজন দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন। পরিদর্শনকালে তিনি কর্তব্যরত চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য অনুরোধ জানান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েতউল্লাহ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম আশরাফুল ইসলামসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।