লিবিয়াফেরতদের পুনর্বাসনে সবাইকে এগিয়ে আসতে হবে: আইওএম
লিবিয়া থেকে ফেরত আসা বাংলাদেশিদের পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি সংস্থাসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।আজ মঙ্গলবার দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইওএমের আঞ্চলিক প্রতিনিধি (দক্ষিণ এশিয়া) রাবাব ফাতিমা এ আহ্বান জানান।রাবাব ফাতিমা বলেন, লিবিয়া থেকে এ পর্যন্ত সাড়ে পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। আরও ২১ হাজার বাংলাদেশি মিসর ও তিউনিসিয়া সীমান্তে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। এর মধ্যে ১৪ হাজার আছেন তিউনিসিয়া সীমান্তে, বাকিরা আছেন মিসর সীমান্তে।রাবাব ফাতিমা আরও জানান, সংস্থাটির সহায়তায় ১৪ মার্চের মধ্যে মোট ১০ হাজার জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এখনো অনেক লিবিয়া প্রবাসী ঘরে ফেরার অপেক্ষায় রয়েছেন। অনেকে লিবিয়া থেকেই বের হতে পারেননি। তাঁদের সহায়তার জন্য সরকার, আইওএম ও ইউএনএইচসিআরের মতো দেশি ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। লিবিয়াসংকট মোকাবিলার জন্য আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কাছে ৪৯ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার জন্য সোমবার আবেদন করেছে আইওএম।রাবাব বলেন, লিবিয়া থেকে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসনে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্যও সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য ব্যবসায়ীসহ অন্যদেরও এগিয়ে আসতে হবে। সংবাদ সম্মেলনে আইওএমের জাতীয় কর্মসূচি কর্মকর্তা আসিফ মুনির বলেন, লিবিয়ায় যে কোম্পানিতে কাজ করতেন ওই কোম্পানির মাধ্যমে বা ব্যক্তিগত উদ্যোগে এ পর্যন্ত সাড়ে পাঁচ হাজার লোক দেশে ফিরেছেন। আগামী পাঁচ দিনে আইওএম আরও পাঁচ হাজার লোককে ফিরিয়ে আনবে।আইওএমের আঞ্চলিক কর্মসূচি ব্যবস্থাপক ক্রিস্টিনা মেয়ো ও বিশেষজ্ঞ চিকিত্সক ইগর কাজানেতস সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।