লিবিয়ার আজদাবিয়া শহর আবার বিদ্রোহীদের দখলে
লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর আজদাবিয়া আবারও দখল করে নিয়েছে বিদ্রোহীরা। গতকাল শনিবার পশ্চিমা জোটের বিমান হামলার সহায়তা নিয়ে তারা আজদাবিয়া থেকে মুয়াম্মার গাদ্দাফির অনুগত সেনাদের হটিয়ে দেয়। বিদ্রোহীরা দাবি করেছে, পূর্বাঞ্চলীয় ব্রেগা শহরের দখলও নিয়েছে তারা।লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গত শুক্রবার রাতেও বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পশ্চিমা জোট। এ সময় ত্রিপোলির বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতায় গাদ্দাফির অনুগত সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। গাদ্দাফি তাঁর সেনা ও পুলিশ বাহিনীর সব সদস্যকে পদোন্নতি দেওয়া ও বেসামরিক স্বেচ্ছাসেবকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন।আজদাবিয়া দখল: বিদ্রোহীরা শুক্রবার রাতভর অভিযান চালিয়ে গতকাল সকালের দিকে আজদাবিয়া শহর আবার দখল করে। ট্যাংকের ওপর উঠে নেচে-গেয়ে, পতাকা উড়িয়ে ও ফাঁকা গুলি ছুড়ে বিদ্রোহীদের উল্লাস করতে দেখা যায়। রয়টার্সের প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানান, তিনি আজদাবিয়ার পূর্বাঞ্চলীয় প্রবেশমুখে সরকারি অন্তত ছয়টি বিধ্বস্ত ট্যাংক দেখেছেন। পরিত্যক্ত অবস্থায় বেশ কয়েকটি সাঁজোয়া গাড়ি ও ট্যাংক দেখা গেছে। পশ্চিমাঞ্চলীয় প্রবেশমুখে গাদ্দাফি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ভয়াবহ সংঘর্ষের চিহ্ন চোখে পড়েছে।আজদাবিয়া দখলে বিদ্রোহীদের সহায়তা দিতে শুক্রবার সন্ধ্যা থেকে গাদ্দাফি বাহিনীকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করে পশ্চিমা জোট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিমান হামলা ও বিদ্রোহীদের অভিযানের তোপে দুর্বল হতে থাকে গাদ্দাফির সেনারা। একপর্যায়ে পিছু হটতে বাধ্য হয়। সকালের দিকে শহরের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা।বিদ্রোহীরা দাবি করে, টিকতে না পেরে গাদ্দাফির সেনারা হয় পালিয়েছে, নয়তো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে। বিদ্রোহী সেনা সারহাগ আগৌরি বলেন, ‘গত রাতে ভয়াবহ সংঘর্ষের সময় আমাদের সেনাদের মুহুর্মুহু আক্রমণে শহরের সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়।’ প্রত্যক্ষদর্শী ও বিদ্রোহীরা জানান, আজদাবিয়া শহরের পুরো নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে।বিদ্রোহীদের মুখপাত্র সামসিদ্দিন আবদুলমোল্লাহ বলেন, আজদাবিয়ার নিয়ন্ত্রণ হারানোর পর গাদ্দাফির সেনারা ‘ব্যাকফুটে’ চলে গেছে। আরেক মুখপাত্র আহমেদ খলিফা জানান, তাঁরা কমপক্ষে ১৩ জন সরকারি সেনাকে আটক করেছেন।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে পশ্চিমা জোটের লিবিয়া অভিযান শুরুর পর আজদাবিয়ার দখল নেওয়া বিদ্রোহীদের বড় ধরনের বিজয় বলে ধরা হচ্ছে। এর আগেও আজদাবিয়ার দখল নিয়েছিল বিদ্রোহীরা। কিন্তু কয়েক দিনের মধ্যে বিদ্রোহীদের হটিয়ে তা দখল করে নেয় গাদ্দাফির সেনারা।এদিকে বিদ্রোহী যোদ্ধা আবদেলসালাম আল মাদানি বলেন, ‘আমরা এখন ব্রেগা শহরের কেন্দ্রে অবস্থান করছি। গাদ্দাফির সেনারা পিছু হটে ব্রেগার ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থান নিয়েছে। আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি।’পশ্চিমা হামলা চলছেই: শুক্রবার সপ্তম রাতের মতো লিবিয়ার বিভিন্ন স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ত্রিপোলির তাজুরা এলাকায় একটি রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। স্থানীয় একজন বাসিন্দা জানান, পর পর তিনটি ভয়াবহ বিস্ফোরণে ওই এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। হামলায় রাডার স্থাপনাটি ধ্বংস হয়ে গেছে।ওয়াশিংটনে মার্কিন সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল পর্যন্ত) লিবিয়ায় ১৬টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বিমান হামলা চালানো হয় অন্তত ১৫৩ বার। সামরিক বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে উল্লেখ করেন তিনি। অভিযান শুরুর পর লিবিয়ায় এ পর্যন্ত ১৭০টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। পেন্টাগন জানায়, অভিযানে এ পর্যন্ত মোট ১২টি দেশ অংশ নিয়েছে।মিসরাতায় সংঘর্ষ: বিদ্রোহীদের একজন মুখপাত্র জানান, মিসরাতায় সরকারি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ চলছে। তবে পশ্চিমাদের বিমান হামলা শুরু হওয়ার পর গাদ্দাফির সেনারা বোমা হামলা অনেকটা কমিয়ে দিয়েছে। আরেক মুখপাত্র আবদেলবাসেত আবু এমজেরেয়িক জানান, গাদ্দাফির সেনাদের লক্ষ্য করে পশ্চিমা হামলা চলছে। স্থানীয় একজন বাসিন্দা বলেন, ‘গাদ্দাফির অনুগতরা শহরের বিভিন্ন উঁচু ভবনের ওপর থেকে এখনো গুলি চালিয়ে যাচ্ছে। তারা বেসামরিক জনগণের ওপরও হামলা চালাচ্ছে।’ তবে লিবিয়ার সরকারি কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, আল-কায়েদার সঙ্গে যুক্ত বিদ্রোহীদের সশস্ত্র চক্র মিসরাতায় সাধারণ মানুষকে জিম্মি করেছে।গাদ্দাফির ঘোষণা: রাষ্ট্রীয় টেলিভিশনে গাদ্দাফির বরাত দিয়ে ঘোষণা করা হয়, ‘ক্রুসেডারদের বিরুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য সেনা ও পুলিশ বাহিনীর সব সদস্যের পদোন্নতি দেওয়া হয়েছে।’ তবে গাদ্দাফি বা তাঁর ছেলে সাইফ আল ইসলামের কোনো বক্তব্য প্রচার করা হয়নি। কোনো কোনো সময় পশ্চিমা হামলার ফুটেজ প্রচার করা হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেছেন, লিবিয়া অভিযান অসংখ্য নিরপরাধ মানুষের জীবন বাঁচিয়েছে। অভিযানে সক্রিয় ভূমিকার জন্য তিনি ফ্রান্সকে ধন্যবাদ জানান। রেডিও ও অনলাইনে দেওয়া সাপ্তাহিক ভাষণে ওবামা এসব কথা বলেন। লিবিয়া প্রসঙ্গে কাল সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ওবামা।১৭ মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিবিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নো ফ্লাই জোন প্রতিষ্ঠাসহ ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ’ নেওয়ার প্রস্তাব পাস হয়। ১৯ মার্চ রাত থেকে ‘অপারেশন ওডিসি ডন’ নামে অভিযান শুরু হয়।প্রসঙ্গত, ১৯৬৯ সালে রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতায় আসেন সেনা কর্মকর্তা গাদ্দাফি। তাঁর প্রায় ৪২ বছরের শাসনের অবসানের দাবিতে গত ১৫ ফেব্রুয়ারি থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। বিদ্রোহীরা বেনগাজি ও ত্রিপোলির পশ্চিমের শহর জাবিয়াহসহ বেশ কিছু এলাকা দখল করে নেয়। সূত্র: এএফপি, আল জাজিরা, বিবিসি, রয়টার্স।