লিবিয়ার ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল শুক্রবার এ-সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেছেন। লিবিয়ার সংকট নিরসনে এটাই প্রথম আন্তর্জাতিক কোনো উদ্যোগ।বারাক ওবামা এক বিবৃতিতে গতকাল বলেন, ‘লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির সরকার বিক্ষোভ দমনে আন্তর্জাতিক রীতি-নীতি ও সাধারণ শিষ্টাচার ভঙ্গ করেছে। এর দায় গাদ্দাফিকে নিতে হবেই।’নিষেধাজ্ঞার আওতায় গাদ্দাফি ও তাঁর পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের যেকোনো লেনদেনের ওপর নিষেধাজ্ঞা বলবত্ থাকবে। ওবামা বলেন, ‘গাদ্দাফি সরকারকে লক্ষ্য করেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সঙ্গে লিবিয়ার জনগণের জানমাল রক্ষায় কাজ করবে এই নিষেধাজ্ঞা।’জাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল লিবিয়া সংকটে নিরাপত্তা পরিষদকে ‘সুস্পষ্ট পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব বলেন, বিক্ষোভ দমনে লিবিয়ার শাসকগোষ্ঠী অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। লিবিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা, দেশটির নেতাদের ভ্রমণ নিষিদ্ধ ও সম্পত্তি জব্দ করার বিধান রেখে একটি খসড়া প্রস্তাবের ওপর আজ শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হতে পারে। ত্রিপোলিতে গতকাল সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনী ও গাদ্দাফির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বার্তা সংস্থাগুলো বলছে, ত্রিপোলির একটি এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৫ জনের মতো বিক্ষোভকারী নিহত হয়েছে। এদিকে গাদ্দাফি ত্রিপোলির গ্রিন স্কয়ারে তাঁর সমর্থকদের সামনে ভাষণ দেন। এতে তিনি সমর্থকদের ‘লিবিয়াকে রক্ষা’ করার সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। গাদ্দাফি বলেছেন, প্রয়োজন হলে তাঁর সমর্থকদের হাতে অস্ত্র তুলে দেবেন। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, সরকারবিরোধী বিক্ষোভে নিহত মানুষের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। তবে জাতিসংঘে লিবিয়ার উপরাষ্ট্রদূত ইব্রাহিম দেবাশি সতর্ক করেছেন, লিবিয়ায় কয়েক হাজার মানুষ প্রাণ হারাবে। কারণ গাদ্দাফি কখনো পালিয়ে যাবেন না এবং তিনি শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন। এ জন্য সংকট নিরসনে দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই কূটনীতিক।