লিবিয়ার ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে বিদ্রোহী বেকার যোদ্ধাদেরও সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।গত শুক্রবার ছিল গাদ্দাফির শাসনের বিরুদ্ধে গণবিক্ষোভের প্রথম বর্ষপূর্তি। এর এক দিন পর গতকাল শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রধানমন্ত্রী আবদুর রহিম এল কেইব এই ঘোষণা দেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানায়। প্রধানমন্ত্রী কেইব বলেন, গাদ্দাফিবিরোধী আন্দোলনে যেসব পরিবারের আত্মীয়স্বজন নিহত অথবা নিখোঁজ হয়েছে, তাদেরকে মাসিক ভাতা দেওয়া হবে। তিনি বলেন, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে মাসিক দুই হাজার দিনার (এক হাজার ৫৪০ ডলার) করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিবিয়া সরকার।প্রধানমন্ত্রী জানান, এই মাসের শেষ নাগাদ সাবেক বিদ্রোহী বেকার সেনাদের গত বছরের জন্য ভাতা দেওয়া হবে। একই সঙ্গে ছাত্রদেরও আর্থিক সহায়তা দেওয়ার কথা বলেন তিনি।গত বছরের ১৭ ফেব্রুয়ারি লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি থেকে গাদ্দাফিবিরোধী আন্দোলনের সূত্রপাত ঘটে। একই বছরের ২০ অক্টোবর বিদ্রোহী যোদ্ধাদের হাতে গাদ্দাফি নিহত হন। এর মধ্য দিয়ে লিবিয়ায় গাদ্দাফি যুগের অবসান ঘটে। গাদ্দাফিবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) লিবিয়ার দায়িত্ব গ্রহণ করে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়ে।দেশটিতে আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এবং সশস্ত্র অস্ত্রধারী পক্ষগুলোকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে এনটিসি। এ ছাড়া গাদ্দাফির সশস্ত্র সমর্থকদের সঙ্গেও লড়াই করতে হচ্ছে এনটিসিকে।লিবিয়ার অনেকই মনে করছেন, গাদ্দাফিবিরোধী আন্দোলনের সশস্ত্র যোদ্ধাদের দেশটির পুলিশ ও সেনাবাহিনীতে একত্রীভূত করতে লিবিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে।তবে গাদ্দাফির পতন আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের জাতীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনীতে যোগ দিতে পুনরায় আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী এল কেইব। একই সঙ্গে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি ধর্মীয় নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।