লিবিয়ার তিনটি টিভি কেন্দ্রে ন্যাটোর বিমান হামলা, নিহত ৩
লিবিয়ার তিনটি টেলিভিশন সম্প্রচার কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ন্যাটো বাহিনী। হামলায় টিভি কেন্দ্রের তিনজন টেকনিশিয়ান নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন বলেও জানা গেছে। খবর বিবিসি অনলাইন। আজ শনিবার এক বিবৃতিতে ন্যাটো বাহিনী জানিয়েছে, মুয়াম্মার গাদ্দাফির সরকারের ‘সন্ত্রাসী সম্প্রচার’ স্তব্ধ করে দিতেই তারা এসব হামলা চালিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, ‘মাত্র কয়েক ঘণ্টা আগে ন্যাটো বাহিনী একটি বিমান হামলা পরিচালনা করেছে। এতে ত্রিপোলিতে অবস্থিত স্যাটেলাইটভিত্তিক তিনটি টেলিভিশনের সম্প্রচার বন্ধ হয়ে যায়।’জোটের মুখপাত্র কর্নেল রোলান্ড লাভোইয়ের দেওয়া ওই বিবৃতিতে আরও বলা হয়, ন্যাটোর যুদ্ধবিমানের সাহায্যে এসব হামলা চালানো হয়েছে। বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমরা এখন এর প্রভাব নিরূপণ করছি।’গাদ্দাফি সরকার একতরফাভাবে এসব টিভি চ্যানেল ব্যবহার করায় এবং এর মাধ্যমে বেসামরিক জনগণকে হুমকি ও তাদের ওপর হামলা চালাতে উদ্বুদ্ধ করায় এ হস্তক্ষেপ প্রয়োজন ছিল। বাসস