লিবিয়ার নিরাপত্তায় হুমকি মিলিশিয়া বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সশস্ত্র মিলিশিয়া বাহিনী হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে সতর্ক করে দিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিবিসি এ খবর প্রকাশ করেছে। মানবাধিকার সংগঠনটি জানায়, গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত মিলিশিয়া বাহিনীর হাতে আটকাবস্থায় নির্যাতনের শিকার হয়ে অন্তত ১২ জন বন্দী মারা গেছে।গত শুক্রবার ছিল দেশটির শীর্ষস্থানীয় ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির পতন আন্দোলনের এক বছর পূর্তি। আর ওই দিনই কাকতলীয়ভাবে এ প্রতিবেদনটি প্রকাশিত হয়।অ্যামনেস্টি জানায়, গত জানুয়ারি ও চলতি মাসে লিবিয়ায় এ ব্যাপারে পরিচালিত জরিপে পাওয়া তথ্যের ভিত্তিতেই এ প্রতিবেদন তৈরি করা হয়।গত মাসে জাতিসংঘ জানায়, মিলিশিয়া গ্রুপগুলোর হাতে গাদ্দাফির প্রায় আট হাজার সমর্থক বন্দী আছে।তবে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টার দাবি করলেও বিসিসির প্রতিবেদক জানান, এ সরকার মিলিশিয়া বাহিনীকে নিয়ন্ত্রণে আনতে বহুলাংশেই ব্যর্থ।অ্যামনেস্টির মতে, দেশটিতে সাবেক বিদ্রোহীদের কয়েকটি সংগঠন মানবাধিকার লঙ্ঘন করছে। তবে অন্তর্বর্তী সরকার বিষয়টি তেমন গুরুত্ব দিচ্ছে না। ওই প্রতিবেদনে বন্দীদের বরাত দিয়ে বলা হয়, তাদের ঝুলিয়ে রেখে ঘণ্টার পর ঘণ্টা চাবুক, কেব্ল, প্লাস্টিকের নল, ধাতব চেইন ও শিক দিয়ে পেটানো হয়। এমনকি তাদের বৈদ্যুতিক শকও দেওয়া হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দুর্যোগবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ডোনাটেলা রোভেরা জানান, কেউ এই মিলিশিয়া বাহিনীর নির্যাতনের দায়িত্ব নিতে চাচ্ছে না।ত্রিপোলির একটি বন্দীশালায় তদন্তকারী কর্মকর্তারা গিয়ে দেখেন, সেখানে জিজ্ঞাসাবাদের সময় তথ্য গোপনের অভিযোগে বন্দীদের নির্মম নির্যাতন করা হয়।