লিবিয়ার পার্শ্ববর্তী দেশে জনবল বাড়ানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দেশটির সীমান্তবর্তী তিন দেশ মিসর, তিউনিসিয়া ও গ্রিসের বাংলাদেশের দূতাবাসে জনবল বাড়ানোর সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বুধবার সংসদ ভবনে কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, সংঘাতময় লিবিয়া থেকে প্রয়োজনে জাহাজে করে বাংলাদেশিদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরামর্শও দিয়েছে কমিটি।বিদ্যমান পরিস্থিতিতে এ পর্যন্ত সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে মাহমুদ আলী বলেন, এমনিতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনবল-সংকট রয়েছে। লিবিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যাপারে সেখানে মাত্র দুজন কর্মকর্তা বাংলাদেশিদের সহায়তা দিচ্ছেন। এভাবে পরিস্থিতি মোকাবিলা করা কঠিন। এ অবস্থায় লিবিয়ার পার্শ্ববর্তী তিন দেশের বাংলাদেশ দূতাবাসে জনবল বাড়ানো যেতে পারে। সে জন্য কমিটি প্রয়োজনে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পাঠানোর সুপারিশ করেছে।মাহমুদ আলী জানান, সবাইকে ঢালাওভাবে দেশে ফিরিয়ে আনা ঠিক হবে না। যাঁরা বিপদে আছেন বা দেশে ফিরতে আগ্রহী, তাঁদেরই আনতে হবে। যাঁদের অসুবিধা নেই, তাঁদের ফিরিয়ে আনা ঠিক হবে না।পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় প্রায় ৬০ হাজার বাংলাদেশি রয়েছেন। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে লিবিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার।মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক, নিলুফার জাফর উল্লাহ ও বেগম নাজমা আকতার।