লিবিয়ার প্রেসিডেন্ট হলেন মাগারিয়েফ
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার নবনির্বাচিত জাতীয় পরিষদ দেশটির ক্ষমতাচ্যুত প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির প্রতিপক্ষ মোহাম্মদ মাগারিয়েফকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। ৭২ বছর বয়সী ন্যাশনাল ফ্রন্ট পার্টির এই নেতা ১১৩ ভোট পান। তাঁর প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আলী জিদান পেয়েছেন ৮৫ ভোট। গতকাল বৃহস্পতিবার রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। দেশের দ্বিতীয় বৃহত্তম নগর বেনগাজির বাসিন্দা মাগারিয়েফ। মধ্যপন্থী ইসলামি ঘরানার সাবেক বিরোধী এই নেতা ২০০ সদস্যের জাতীয় পরিষদের নেতৃত্ব দেবেন। তাঁর নেতৃত্বে এই পরিষদ লিবিয়ার জন্য একজন প্রধানমন্ত্রী নির্বাচন, আইন প্রণয়ন ও আগামী বছর নতুন সংবিধান প্রণয়নের পর দেশে পূর্ণাঙ্গ সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করবে। অর্থনীতিবিদ মাগারিয়েফ ভারতে লিবিয়ার রাষ্ট্রদূত ছিলেন। তবে আশির দশক থেকে তিনি নির্বাসিত জীবনযাপন করেন। সরকারবিরোধী আন্দোলনে তিনি নেতৃস্থানীয় একজন নেতা হিসেবে পরিচিত, যাঁরা গাদ্দাফির শাসনামলের অবসান ঘটাতে তত্পর ছিলেন। গতকাল মধ্যরাতে ভোট গ্রহণ শেষে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ মাগারিয়েফ বলেন, ‘আমি খুবই খুশি। এটি গুরুদায়িত্ব।’ প্রেসিডেন্ট হিসেবে মাগারিয়েফ নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর প্রতিপক্ষ আলী জিদান বলেন, ‘এটাই গণতন্ত্র। এমন স্বপ্নই আমরা দেখেছিলাম।’মাগারিয়েফ সম্পর্কে লিবিয়ার সাবেক অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) কর্মকর্তা ওথমান সাশি বলেন, ‘তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সবাই তাঁকে চেনে। লিবিয়ার জাতীয় পরিষদের নেতৃত্ব এবং গণতান্ত্রিক রাষ্ট্রের অগ্রযাত্রায় তাঁর খুব ভালোভাবে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে।’ এনটিসি গত বুধবার দেশটির নবনির্বাচিত জাতীয় পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করে। এর মধ্য দিয়ে মুয়াম্মার গাদ্দাফি-পরবর্তী লিবিয়ায় শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কর্তৃপক্ষের ক্ষমতার পালাবদল-প্রক্রিয়া সম্পন্ন হয়। এনটিসির প্রধান মুস্তফা আবদেল জলিল গত বুধবার গভীর রাতে রাজধানী ত্রিপোলিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০০ সদস্যের জাতীয় পরিষদের প্রবীণতম সদস্য মোহাম্মদ আলী সেলিমের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এ ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এনটিসি বিলুপ্ত হয়। গত বছর গাদ্দাফিবিরোধী বিদ্রোহের সময় গঠিত হয়েছিল এনটিসি। গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর এনটিসি দেশটির দায়িত্ব নেয়। গত ৭ জুলাই অনুষ্ঠিত লিবিয়ার ইতিহাসে প্রথম অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে জাতীয় পরিষদের সদস্যরা নির্বাচিত হন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি বেশ কিছু স্বতন্ত্র সদস্যও রয়েছেন। এর আগে ১৯৬৫ সালে দেশটিতে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সেখানে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ ছিল না।