লিবিয়ার বিদ্রোহী নেতা জলিলকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
লিবিয়ার একটি আদালত সাবেক বিদ্রোহী নেতা মুস্তাফা আবদুল জলিলকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। ২০০১ সালে গুলিতে নিহত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদ্রোহী কমান্ডার আবদেল ফাত্তাহ ইউনেসকে হত্যার ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদের এই নির্দেশ দেওয়া হয়।গতকাল বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে বিচারক আবদুল্লাহ আল সাইদির দেওয়া এক বিবৃতিতে এ খবর জানা যায়। মুস্তাফা আবদুল জলিল লিবিয়ার বিলুপ্ত জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) প্রধান ছিলেন। ইউনেসের হত্যাকাণ্ড তদন্তের দায়িত্বে নিয়োজিত ছিলেন মুস্তাফা আবদুল জলিল। ইউনেস হত্যার ঘটনায় শুরুতে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ২০১১ সালে ইউনেসের গুলিবিদ্ধ লাশ বেনগাজির বাইরে একটি মসজিদের কাছে পাওয়া যায়। জলিল এ হত্যাকাণ্ডের বিষয়ে অসংগতিপূর্ণ তথ্য দিয়েছিলেন। এ জন্য মুস্তাফা আবদুল জলিলকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত। ইউনেসের ছেলে এ ঘটনাকে একটি বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখছেন।