লিবিয়ার বিদ্রোহীদের আর্থিক সহায়তা দেবে গাদ্দাফিবিরোধী জোট
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরোধী পশ্চিমা ও আরব রাষ্ট্রগুলোর জোট দেশটির বিদ্রোহীদের আর্থিক সহায়তা দিতে সম্মত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত গাদ্দাফিবিরোধী দেশগুলোর মন্ত্রীরা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।এর আগে লিবিয়ার বিদ্রোহীরা খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ-বাবদ ৩০০ কোটি ডলারের ঋণ সহায়তার আহ্বান জানান। বিদ্রোহীদের এ আহ্বানের পরিপ্রেক্ষিতে রোমে গতকাল গাদ্দাফিবিরোধী দেশগুলোর মন্ত্রীরা প্রাথমিকভাবে একটি বেসামরিক তহবিল গঠনে রাজি হন। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, কাতার, কুয়েত ও জর্ডান।রোমে অনুষ্ঠিত ওই সভা থেকে বলা হয়েছে, লিবিয়ার বিদ্রোহীদের আর্থিক সহায়তা দিতে কয়েক সপ্তাহের মধ্যেই একটি অস্থায়ী বিশেষ তহবিল গঠন করা হবে। প্রস্তাবিত ওই তহবিলে কুয়েত ও কাতার অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ফ্রান্স বলেছে সহায়তার বিষয়টি তারা মূল্যায়ন করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, লিবিয়ার জব্দ করা সম্পদ থেকে বিদ্রোহীদের তিন হাজার কোটি অর্থ সহায়তা দেওয়ার বিষয়টি সহজ করতে ওয়াশিংটন আইন পরিবর্তনের চেষ্টা করবে। হিলারির এ ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন লিবিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইম। তিনি বলেছেন, ‘জব্দ করা সম্পদের ব্যবহার জলদস্যুতার শামিল।’