লিবিয়ার বিদ্রোহীদের সামরিক পরামর্শ দেবে ব্রিটেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেন গতকাল মঙ্গলবার জানিয়েছে, লিবিয়ার বিদ্রোহীদের পরামর্শ দেওয়ার জন্য তারা সেনা উপদেষ্টা পাঠাবে। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ গতকাল সাংবাদিকদের জানান, লিবিয়ার বিদ্রোহীদের পরামর্শ দিতে তাঁরা প্রায় এক ডজন সেনা উপদেষ্টা পাঠাবেন। সেনা উপদেষ্টারা লিবিয়ার বিদ্রোহীদের সাংগঠনিক ও যোগাযোগ উন্নয়নে পরামর্শ দেবেন বলে তিনি জানান। তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ব্রিটিশ সেনারা লিবিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ বা প্রশিক্ষণ দেবে না। উইলিয়াম হেগ বলেন, জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী সাধারণ নাগরিকদের রক্ষার অংশ হিসেবে তাঁরা লিবিয়ার বিদ্রোহীদের জন্য সেনা পরামর্শক পাঠাবেন। সিদ্ধান্তটা এখন প্রক্রিয়াধীন রয়েছে। তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তার দেশ লিবিয়ায় কোনোভাবেই স্থল হামলা চালাবে না। ব্রিটেনের এ সিদ্ধান্ত রাশিয়াকে ক্ষুব্ধ করেছে। মস্কো এরই মধ্যে বলেছে যে মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পশ্চিমাদের এ পদক্ষেপ হচ্ছে জাতিসংঘ প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। এদিকে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী আবদেল আতি আল ওবাইদিতি বলেছেন, ব্রিটেনের এমন পরামর্শের উদ্যোগ লিবিয়ায় লড়াইকে দীর্ঘায়িত করবে।