লিবিয়ার বিদ্রোহীদের ‘মন্ত্রিসভা’ খ্যাত নির্বাহী পরিষদ ভেঙে দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় বিদ্রোহীদের মন্ত্রিসভা বলে পরিচিত নির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়েছে। বিদ্রোহীদের গঠিত বেনগাজিভিত্তিক ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) প্রধান মুস্তাফা আবদেল জলিল গতকাল সোমবার এ কমিটি ভেঙে দেন। বিদ্রোহীদের মুখপাত্র আবদেল-হাফিজ গোগা জানান, বিদ্রোহীদের সামরিক শাখার প্রধান আবদেল ফাত্তাহ ইউনেসের হত্যাকাণ্ডের জের ধরে নির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়। তাঁর হত্যাকাণ্ডের পর পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে নির্বাহী কমিটির কিছু সদস্যের ‘ব্যর্থতা’র পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয় এনটিসি। এনটিসির সদস্য ফাথি তুরবেল বলেন, এটা স্পষ্ট যে ইউনেসের মৃত্যুর পরিপ্রেক্ষিতে ‘সামরিক, নিরাপত্তা ও গণমাধ্যম সামাল দেওয়ার ক্ষেত্রে অদক্ষতার’ কারণে নির্বাহী কমিটিতে পুনর্গঠনের প্রয়োজন ছিল।বিদ্রোহীদের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলকে নতুন মন্ত্রিসভা গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এনটিসির সদস্যরা জানান, বরখাস্ত হওয়া কয়েকজন মন্ত্রীর নির্বাহী কমিটিতে পুনরায় নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইউনেসকে গত ২৮ জুলাই গুলি করে হত্যা করা হয়। বিদ্রোহীদের কিছু অংশ হত্যাকাণ্ডের জন্য ইসলামপন্থী একটি মিলিশিয়া গোষ্ঠীকে দায়ী করছে। ইউনেসের মৃত্যুকে বিদ্রোহীদের মধ্যে বিভক্তির আভাস হিসেবে মনে করা হচ্ছে। ইউনেস লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির খুব বিশ্বস্ত ছিলেন। তিনি ১৯৬৯ সালের অভ্যুত্থানে গাদ্দাফির সঙ্গে অংশ নেন। এ অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার রাষ্ট্রক্ষমতা দখল করেন গাদ্দাফি। বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ার আগে তিনি গাদ্দাফির মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। রয়টার্স ও বিবিসি।