লিবিয়ার বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র ও মিসরের কাছ থেকে গোপনে প্রশিক্ষণ পাচ্ছে। আল-জাজিরা টেলিভিশন গতকাল রোববার এ খবর জানায়। এদিকে, সংকটের সমাধানে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সসহ পশ্চিমাদের সঙ্গে যোগাযোগের জোর প্রচেষ্টা শুরু করেছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী গতকাল গাদ্দাফির একটি বার্তা নিয়ে গ্রিসের রাজধানী এথেন্সে গেছেন।আল-জাজিরা জানায়, লিবিয়ার বিদ্রোহীরা স্বীকার করেছে যে দেশের বাইরে থেকে তারা অস্ত্র সরবরাহ পাচ্ছে এবং এসব অস্ত্র চালানোর জন্য তাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বেনগাজি শহর থেকে আল-জাজিরার সাংবাদিক লরেন্স লিকে এক বিদ্রোহী যোদ্ধা জানান, গত বৃহস্পতিবার রাতে কাতিউষা রকেটের একটি বড় চালান মিসর থেকে লিবিয়ার পূর্বাঞ্চলে ঢুকেছে। রকেটগুলো কোন দেশ পাঠিয়েছে, তা তিনি নির্দিষ্ট করে জানাতে পারেননি।নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্রোহী যোদ্ধা বলেন, ‘এ ধরনের রকেট ব্যবহারের প্রশিক্ষণ আমাদের নেই। কিন্তু প্রশিক্ষণ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও মিসরের বিশেষ বাহিনীর সদস্যরা এখানে আছে।’বিদ্রোহীদের কাছ থেকে এমন তথ্য পাওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে, পশ্চিমা বা অন্য কোনো দেশ কি তাহলে ইতিমধ্যে লিবিয়ার বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে? লিবিয়ায় জোট বাহিনীর অভিযান শুরুর কয়েক দিন পর থেকে পশ্চিমা দেশগুলো নিজেদের মধ্যে মতবিভেদে জড়িয়ে পড়েছে—বিদ্রোহীদের অস্ত্র দেওয়া হবে কি হবে না তা নিয়ে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন অস্ত্র দেওয়ার পক্ষে কথা বললেও ফ্রান্স, রাশিয়া ও পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো এর বিরুদ্ধে কথা বলছে। বিরোধীদের মতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে প্রস্তাবের আওতায় লিবিয়ায় এ অভিযান চালানো হচ্ছে, তাতে সে অনুযায়ী বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের সুযোগ নেই।এ ছাড়া লিবিয়ার ওপর যে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা কি শুধু গাদ্দাফি সরকারের জন্য, নাকি বিদ্রোহীদের ক্ষেত্রেও প্রযোজ্য, সে প্রশ্নও উঠেছে।এদিকে সংকটের সমাধানে পশ্চিমাদের সঙ্গে আলোচনা শুরু করার জন্য জোর প্রচেষ্টা শুরু করেছে গাদ্দাফির সরকার। গাদ্দাফির সহযোগী সাবেক প্রধানমন্ত্রী আবদুল আতি আল-ওবায়দি যুক্তরাষ্ট্রের চ্যানেল ফোর টেলিভিশনকে বলেন, ‘হত্যা বন্ধ করার জন্য আমরা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সসহ অন্যান্য দেশের সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছি।’ লিবিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আবদেললাতি ওবেইদি গতকাল গাদ্দাফির একটি বার্তা নিয়ে গ্রিসে গেছেন। এথেন্সে গ্রিক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রুর দপ্তর থেকে বলা হয়, ওবেইদি এথেন্সে পৌঁছেছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সঙ্গে গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামের ছেলের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ ইসমাইল গত বুধবার লন্ডনে ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বলে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা যে খবর দিয়েছিল, তার সত্যতা নিশ্চিত করেন ওবায়দি।এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের এক মুখপাত্রও নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মোহাম্মদ ইসমাইলসহ লিবিয়া সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন ব্রিটিশ কর্মকর্তারা।এদিকে পূর্বাঞ্চলীয় ব্রেগা শহরের কাছে গতকাল আবার দুই পক্ষে তুমুল লড়াই শুরু হয়। কয়েক দিন আগে গাদ্দাফি বাহিনীর হামলার মুখে বিদ্রোহীরা ওই শহর থেকে পিছু হটে। কিন্তু শক্তি সঞ্চয় করে আবার তারা শহরটি দখলে নেওয়ার জন্য মরিয়া হয়ে আঘাত হানে। ওই শহরের কিছু দূরের একটি গ্রামে গত শুক্রবার রাতে ন্যাটো বাহিনীর বিমান হামলায় নয়জন বিদ্রোহী যোদ্ধাসহ ১৩ জন নিহত হওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে গতকাল ন্যাটো জানায়।পশ্চিমাঞ্চলের শহর মিসরাতায়ও লড়াই চলছে। সেখানকার এক বিদ্রোহী যোদ্ধা গতকাল জানান, গাদ্দাফি বাহিনী ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে শহরে ঢোকার জন্য তিন দিক থেকে আক্রমণ চালাচ্ছে। তবে বিদ্রোহীদের প্রতিরোধের মুখে তারা পিছু হটে। এ সময় দুই বিদ্রোহী যোদ্ধা নিহত হয়।এ ছাড়া গাদ্দাফি বাহিনীর ছোড়া মর্টারে মিসরাতা শহরের একটি অস্থায়ী হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। এতে কমপক্ষে একজন নিহত ও ১৩ জন আহত হয় বলে ওই হাসপাতালের এক চিকিৎসক জানান। এএফপি, রয়টার্স, সিএনএন, আল-জাজিরা।