লিবিয়ার ব্যাংকের ওপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার
লিবিয়ার কেন্দ্রীয় ও বৈদেশিক বিনিয়োগ ব্যাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিউইয়র্কে এক কূটনৈতিক সূত্র বিবিসিকে এ খবর জানিয়েছেন। গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ লিবিয়ার কেন্দ্রীয় ও বৈদেশিক বিনিয়োগ ব্যাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সংস্থাটির কোনো সদস্যই এই প্রস্তাবের বিরোধিতা করেনি।নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, লিবিয়ার নগদ অর্থের সংকট কাটাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে নিষেধাজ্ঞার অংশ হিসেবে চলতি বছরের শুরুর দিকে বিদেশে থাকা লিবিয়ার সম্পদ জব্দ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু গাদ্দাফির পতনের পরও নিষেধাজ্ঞা বহাল থাকায় দেশটি চরম অর্থ সংকটে ভুগছে বলে জানায় লিবিয়ার সরকার।তবে লিবিয়ার কেন্দ্রীয় ও বৈদেশিক বিনিয়োগ ব্যাংকের ওপর থেকে নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে দেশ পুনর্গঠনে সরকার এখন প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে সক্ষম হবে। লিবিয়ায় ক্ষমতার পরিবর্তন প্রক্রিয়ায় একে তাত্পর্যপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ। হগ জানিয়েছেন, লিবিয়ার ৬৫০ কোটি পাউন্ড অর্থ ছাড় দেবে লন্ডন।এদিকে আজ শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন পেনেট্টার লিবিয়া সফরের কথা রয়েছে।