লিবিয়ার মিসরাতায় রকেট হামলায় নিহত ৩০
লিবিয়ার মিসরাতায় আজ সোমবার গাদ্দাফির অনুগত সেনাসদস্যরা বেশ কয়েকটি রকেট ও শেল হামলা চালিয়েছেন। এতে ৩০ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। মিসরাতা থেকে জনৈক আহমেদ আল কাইদি বলেন, মিসরাতার আবাসিক এলাকাগুলোতে একের পর শেল হামলা চলছে। আহতদের বেশির ভাগেরই আগুনে পুড়ে গেছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।এদিকে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিমান হামলা চালিয়েছে ন্যাটো বাহিনী। আজ সোমবার দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফির বাব আল-আজিজিয়া ভবন চত্বরে পরপর দুটি শক্তিশালী বিমান হামলা চালানো হয়। ওই হামলায় ৪৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।এদিকে বিবিসির এক সাংবাদিক জানান, কিছুদিন আগে আফ্রিকান ইউনিয়নের শান্তি মিশন নিয়ে লিবিয়া পরিদর্শনে আসা নেতারা যে ভবনে ছিলেন, বিধ্বস্ত ভবনটি সেটিই বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স বলেছে, গাদ্দাফি ক্ষমতা না ছাড়া পর্যন্ত তারা হামলা চালিয়ে যাবে। রয়টার্স, বিবিসি।