লিবিয়ার যুদ্ধ বিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, তুমুল লড়াই
লিবিয়ার বিদ্রোহীদের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সরকার। দেশটির ব্রেগা শহরের নিয়ন্ত্রণ নিয়ে গতকাল শনিবার দুই পক্ষে তুমুল লড়াই হয়েছে। বিদ্রোহীদের দাবি, তারা শহরটি পুনরায় দখলে নিয়েছে। শহরটির কাছে গত শুক্রবার রাতে ন্যাটো বাহিনীর বিমান হামলায় নয় বিদ্রোহী যোদ্ধাসহ ১৩ জন নিহত হয়েছে। এদিকে, ন্যাটো বাহিনী লিবিয়া অভিযানের দায়িত্ব নেওয়ায় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।বিদ্রোহীদের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, বিদ্রোহীরা তাদের প্রস্তাবের ব্যাপারে আন্তরিক নয়। এ জন্যই তারা এমন হাস্যকর শর্ত দিয়েছে।মুসা বলেন, ‘তারা বলছে, আমাদের নিয়ন্ত্রিত শহর থেকে আমাদের সরে আসতে হবে। কারা অস্ত্র তুলে নিয়েছে, কারা সহিংসতা চালাচ্ছে, কাদের নেতৃত্বের কোনো ঠিক নেই, কাদের সঙ্গে আল-কায়েদার যোগসাজশ আছে, আর তারা কে, কেউ তা জানে না। এটা যদি পাগলামি না হয়, তাহলে একে কী বলে আমি জানি না।’মুখপাত্র মুসা আরও বলেন, ‘আমরা আমাদের শহর ছাড়ব না। নিজেদের লোকজনকে রক্ষার দায়িত্ব থেকে সরে আসব না।’বিদ্রোহীরা গত শুক্রবার জানায়, তারা শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি মেনে নিতে রাজি। এ জন্য পশ্চিমাঞ্চলীয় শহরগুলো থেকে গাদ্দাফির অনুগত বাহিনী ও ভাড়াটে খুনিদের সরিয়ে নিতে হবে এবং লোকজনকে তাদের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দিতে হবে।বিদ্রোহীদের যুদ্ধবিরতির প্রস্তাব ও লিবিয়া সরকারের প্রত্যাখ্যানের বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি বলেন, গাদ্দাফিকে ক্ষমতায় রেখে লিবিয়ার সংঘাত বন্ধ হোক—প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন এটা চায় না।বিদ্রোহীরা গতকাল জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে ব্রেগা শহর থেকে ১৫ কিলোমিটার পূর্বে একটি এলাকায় ন্যাটো বাহিনীর একটি বিমান হামলায় ১৩ জন নিহত হয়। এর মধ্যে ছিল নয়জন বিদ্রোহী যোদ্ধা। বাকি চারজনের মধ্যে একজন একটি অ্যাম্বুলেন্সের চালক এবং অন্য তিনজন চিকিৎসাবিদ্যার ছাত্র। তারা বিদ্রোহী বহরের সঙ্গেই ছিল এবং এসেছিল বেনগাজি শহর থেকে।বিদ্রোহী যোদ্ধা মুস্তাফা আলী ওমর বলেন, ‘গাদ্দাফির কিছুসংখ্যক লোক চুরি করে আমাদের শিবিরে ঢুকে পড়েছে। তারা আকাশে বিমানবিধ্বংসী গুলি ছোড়ে। এরপর ন্যাটো বাহিনীর বিমান এসে বিদ্রোহীশিবিরে বোমাবর্ষণ করে।’ গত বুধবার গাদ্দাফি বাহিনী বেপরোয়া হামলা চালিয়ে গ্রেগা শহর দখলে নিয়েছিল। কিন্তু গতকাল বিদ্রোহীরা দাবি করে, গাদ্দাফি বাহিনীকে হটিয়ে ওই শহরটি তারা আবার দখলে নিতে সক্ষম হয়েছে। তবে তাদের এ দাবির সত্যতা নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।গত শুক্রবার রাতভর এবং গতকাল শনিবারও গাদ্দাফি বাহিনী ব্রেগা শহর লক্ষ্য করে রকেট হামলায় চালায়। গতকাল কিছু বিদ্রোহী যোদ্ধাকে শহরের উপকণ্ঠে প্রধান সড়কে তল্লাশি দিতে দেখা যায়। কয়েকজন সাংবাদিক শহরের ভেতরে ঢুকতে চাইলে তাঁদের সেখানে না যাওয়ার পরামর্শ দেয় বিদ্রোহী যোদ্ধারা।এদিকে, ন্যাটো বাহিনী গত শুক্রবার থেকে লিবিয়া অভিযানের দায়িত্ব নেওয়ায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রসহ যুদ্ধ-সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করেছে।মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘অভিযানের নেতৃত্ব ন্যাটোর হাতে চলে যাওয়ায় এখন আমাদের দায়িত্ব ন্যাটো বাহিনীকে সহযোগিতা করা—অভিযান চালানো নয়। সে অনুযায়ী আমরা যুদ্ধবিমানসহ অন্যান্য সরঞ্জাম সরিয়ে নিয়ে আসছি।’ওই কর্মকর্তা আরও জানান, মার্কিন রণতরীগুলোকে লিবিয়ার উপকূল থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে এবং ডুবোজাহাজ থেকে টমাহক ক্ষেপণাস্ত্র হামলাও মোটামুটি বন্ধ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় একটাও টমাহক হামলা চালানো হয়নি। এএফপি, বিবিসি, রয়টার্স।