লিবিয়ার সহিংসতায় নিরাপত্তা পরিষদের নিন্দা, পেরুর সম্পর্ক ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় বিক্ষোভকারীদের ওপর গাদ্দাফি সরকারের শক্তি প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গতকাল মঙ্গলবার নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনারও আহ্বান জানানো হয়েছে। বিবিসি অনলাইন ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ওপর ওপর শক্তি প্রয়োগের প্রতিবাদে লিবিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে লাতিন আমেরিকার দেশ পেরু। লাতিন আমেরিকার অন্যান্য দেশও পেরুকে অনুসরণ করবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসে অ্যান্তিনিও গার্সিয়া বেলাউন্দে।নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এ সহিংসতার দ্রুত সমাপ্তি চেয়েছে। লিবিয়ার সাধারণ মানুষের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানাতেও নিরাপত্তা পরিষদ আহ্বান জানিয়েছে।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, লিবিয়ায় এ সহিংসতায় এখন পর্যন্ত ৩০০ লোক নিহত হয়েছে। এর আগে মুয়াম্মার গাদ্দাফি বিক্ষোভকারীদের ‘তেলাপোকা’ ও ‘ইঁদুর’ বলে আখ্যায়িত করেছেন। বিক্ষোভকারীদের ওপর হামলা চালাতেও তিনি তার সমর্থকদের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি আরব বিশ্বে সরকারবিরোধী বিক্ষোভ দেখা দেওয়ার পর এই প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ নিল। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য তাদের বিবৃতিতে বলেছে, লিবিয়ার কর্তৃপক্ষের উচিত তাদের জনগণকে রক্ষা করা। মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। সাধারণ মানুষের ওপর যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনা। জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির প্রতি শ্রদ্ধা জানানো। গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। এদিকে ব্রিটিশ রাষ্ট্রদূত মার্ক লায়াল গ্রান্ট এক বিবৃতিতে বলেছেন, নিরাপত্তা পরিষদের এ বিবৃতিটি খুবই তীব্র। লিবিয়ার ব্যাপারে সামনে আরও পদক্ষেপ আসছে বলেও তিনি ইঙ্গিত দেন। আরব লিগও লিবিয়ার ঘটনায় নিন্দা জানিয়ে একে অপরাধ বলে অভিহিত করেছে। সংস্থাটির অধিবেশনে লিবিয়াকে আসতে দেওয়া হবে না বলেও জানিয়েছে আরব লিগ। জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল এক বিবৃতিতে বলেছেন, ‘লিবিয়া থেকে আমরা যে সংবাদ পাচ্ছি, তা উদ্বেগজনক। আর কর্নেল গাদ্দাফির ভাষণ খুবই আতঙ্কজনক। কারণ, তিনি কার্যত তাঁর নিজ দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।’