লিবিয়ার সাবেক গোয়েন্দাপ্রধানকে হস্তান্তরে সম্মত মৌরিতানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সাবেক গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল-সেনুসসিকে বিচারের জন্য লিবিয়ার কাছে হস্তান্তরে সম্মত হয়েছে মৌরিতানিয়া। লিবিয়ার উপপ্রধানমন্ত্রী মুস্তফা আবু সাগরের উদ্ধৃতির বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে। মুস্তফা আবু সাগর গতকাল মঙ্গলবার টুইটারে লিখেছেন, ‘মৌরিতানিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আমি সাক্ষাত্ করেছি এবং তিনি লিবিয়ার কাছে সেনুসসিকে হস্তান্তরে সম্মত হয়েছেন।’ লিবিয়ার বর্তমান সরকারের এক প্রতিনিধিও এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে মৌরিতানিয়ার নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা প্রায় সম্পন্ন হয়েছে। তবে এ ক্ষেত্রে ফ্রান্সের পক্ষ থেকে মৌরিতানিয়ার ওপর চাপ দেওয়া হচ্ছে। দেশটির সরকারি সূত্র জানায়, মৌরিতানিয়ার রাজধানী নুয়াসকটের একটি বিমানবন্দর থেকে সেনুসসিকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়। তিনি ভুয়া পাসপোর্ট ব্যবহার করে মরক্কো থেকে নুয়াসকটে গিয়েছিলেন।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সেনুসসির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা রয়েছে। আইসিসি সেনুসসির বিরুদ্ধে গত জুনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তিনি লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে সংঘটিত রাজনৈতিক হত্যাকাণ্ড ও নির্যাতনসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের সঙ্গে পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে ওই পরোয়ানায় উল্লেখ করা হয়। এ ছাড়া, ১৯৮৯ সালে ফরাসি একটি বিমানে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেনুসসির গ্রেপ্তার চায় ফ্রান্স। ওই হামলায় ১৭০ জন নিহত হয়েছিল। ফ্রান্সের একটি আদালতে ইতিমধ্যে সেনুসিকে অভিযুক্ত করা হয়েছে।