লিবিয়ায় অভিযানের নেতৃত্ব হস্তান্তর করছে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, যুক্তরাষ্ট্র লিবিয়ায় সামরিক অভিযানের নেতৃত্ব অন্য কারও কাছে হস্তান্তরের আশা করছে। সে ক্ষেত্রে ফ্রান্স, ব্রিটেন কিংবা ন্যাটোর এ অভিযানে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সোমবার রাশিয়া যাওয়ার পথে গেটস তাঁর সফরসঙ্গী সাংবাদিকদের এ কথা বলেন। ভারতের বার্তা সংস্থা পিটিআই অনলাইনে এ খবর জানানো হয়েছে। গেটস বলেন, ‘আমার মতে কমান্ডের দায়িত্ব হস্তান্তরে একাধিক বিকল্প রয়েছে। একটা হচ্ছে ব্রিটিশ ও ফ্রান্সের নেতৃত্ব। আরেকটি হচ্ছে ন্যাটোর হাতে নেতৃত্ব তুলে দেওয়া।’গেটস আরও বলেন, ‘ওই কমান্ড ও নিয়ন্ত্রণের মধ্যে আমাদের কাজ করতে হবে।’গেটস দাবি করেন, অপারেশন ওডিসি ডন নামক সামরিক অভিযানটি ‘সফল ও শক্তিশালীভাবে’ শুরু হয়েছে। গত শনিবার রাতে পশ্চিমা দেশগুলো লিবিয়ায় এ অভিযান শুরু করে। গেটস আরও জানিয়েছেন, কয়েকটি আরব দেশ সামরিক জোটে অংশ নেওয়ার পরিকল্পনা করছে। পিটিআই।