লিবিয়ায় আটক ৪ সাংবাদিকের মুক্তি চেয়েছে অ্যামনেস্টি
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিবিয়ায় আটক আল-জাজিরা টেলিভিশনের চারজন সাংবাদিককে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। চার সপ্তাহ আগে লিবিয়া ছেড়ে আসার সময় তিউনিসিয়ার সীমান্তের কাছে জান্তান নামক একটি জায়গা থেকে দুজন সংবাদদাতা ও দুজন চিত্রগ্রাহক আটক করা হয়েছে। তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালানো হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।গত সপ্তাহেই আল-জাজিরার চিত্রগ্রাহক হাসান আল জাবের গুলিতে নিহত হয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার পরিচালক ম্যালকম স্মার্ট বলেছেন, ‘এটা লিবিয়ায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হুমকির মুখে পড়ার সর্বশেষ উদাহরণ। ত্রিপোলিতে লিবীয় কর্তৃপক্ষের অবশ্যই এই সাংবাদিকদের মুক্তির ব্যবস্থা করতে হবে এবং তাঁদের যেকোনো রকম নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হবে।’লিবিয়ায় আটক চারজন সংবাদকর্মী হলেন সংবাদদাতা আহমেদ ভাল ওয়ালদ এডিন (৩৪) ও লুতফি আল মাসৌদি (৩৪)। ফটো সাংবাদিক দুজন হলেন নরওয়ের আমমার আল হামদান (৩৪) ও যুক্তরাজ্যের আমমার আল তালৌ। ধারণা করা হচ্ছে যে লুতফি আল মাসৌদিকে ত্রিপোলিতে আটক করা হয়েছে।লিবিয়ায় বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই অনেক সাংবাদিক হুমকির মুখে রয়েছেন। দুই সপ্তাহ আগে বিবিসির তিনজন সাংবাদিককে আটক করে নির্যাতন করে গাদ্দাফির অনুসারীরা। যুক্তরাজ্যের গার্ডিয়ানের সাংবাদিক গেইথ আবদুল আহাদকেও ১৫ দিন আটক রাখার পর গত সপ্তাহে মুক্তি দেওয়া হয়। নিউইয়র্ক টাইমসের তিন সাংবাদিককেও ছয় দিন আটক রাখার পর গতকাল মুক্তি দেওয়া হয়েছে।