লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে সরকার ব্যর্থ: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের উদ্ধার ও তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করতে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বিএনপি। আজ সোমবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই দাবি করা হয়। ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, সরকারের মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতার কারণে লিবিয়ায় চার হাজার প্রবাসী বাংলাদেশি মানবেতর জীবনযাপন করছেন। অনেক বেশি ঝুঁকির মধ্যে আছেন আরও অন্তত ২৬ হাজার বাংলাদেশি। তাঁরা মিসর ও তিউনিসিয়া সীমান্তে শীতে কষ্ট পাচ্ছে, পর্যাপ্ত খাবারও নেই। বিএনপি অবিলম্বে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ দফা সুপারিশ সরকারের কাছে তুলে ধরে। সুপারিশের মধ্যে আছে, বিমানের কয়েকটি ফ্লাইট দিয়ে উদ্ধারের চেষ্টা করা, শিপিং করপোরেশনের মাধ্যমে জাহাজ পাঠানো, সামরিক বিমান পাঠানো, লিবিয়া-তিউনিসিয়া-মিসরের দূতাবাসগুলোকে আরও সক্রিয় করা, নো ম্যান্স ল্যান্ডে আটকে পড়াদের নিরাপত্তা নিশ্চিত করা।এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুকও উপস্থিত ছিলেন।