লিবিয়ায় আটকে পড়াদের এ মুহূর্তে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়: শ্রমমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের এ মুহূর্তে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিউনিসিয়া থেকে বাংলাদেশে ফিরে আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, লিবিয়ায় ৬০ হাজার বাংলাদেশি ছিলেন। এ পর্যন্ত দেশে ফিরে এসেছেন ৩০ হাজার বাংলাদেশি। আনুমানিক আরও ৩০ হাজার বাংলাদেশি সেখানে আছেন। লিবিয়ায় বর্তমানে যুদ্ধ চলছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তাদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের কিছু করার নেই। তবে সরকার আন্তর্জাতিক সাহায্য সংস্থার মাধ্যমে লিবিয়া প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর রাখছে। লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, ‘আপনারা নিরাপদে থাকার চেষ্টা করেন। সীমান্তের দিকে যাওয়ার দরকার নেই। যে যেই অবস্থায় আছেন, সে সেই অবস্থায় থাকুন।’লিবিয়ার মতো মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে একই পরিস্থিতি হতে পারে কি না—জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে আমরা কোনো উদ্বেগজনক পরিস্থিতি দেখতে পাচ্ছি না। এখনো আরব আমিরাতসহ অন্যান্য দেশে মানুষ যাচ্ছেন।’ মন্ত্রী জানান, ২১ মার্চ পর্যন্ত ২৭ হাজার বাংলাদেশি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে গেছেন। মিসর সীমান্তে এ মুহূর্তে কোনো বাংলাদেশি নেই, সবাই ফিরে এসেছেন। তিউনিসিয়া সীমান্তে এক হাজার ৮৩৬ জন বাংলাদেশি আছেন। আগামী ২৪, ২৫ ও ২৮ মার্চ প্রতিদিন একটি করে ফ্লাইট আছে। তাঁরা এসব ফ্লাইটে দেশে ফিরে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন। প্রসঙ্গত, মন্ত্রী গত শুক্রবার তিউনিসিয়া যান।