লিবিয়ায় উভয় পক্ষ যুদ্ধাপরাধ করেছে: জাতিসংঘ
জাতিসংঘের একটি তদন্ত দল লিবিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহী উভয় পক্ষকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করেছে। লিবিয়ায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তে জাতিসংঘের তিন সদস্যের বিশেষজ্ঞ দল গতকাল বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, জেনেভায় গতকাল তদন্ত দলের এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। তদন্ত দল লিবিয়ার সরকার ও বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা এবং সীমান্তের ওপারে শরণার্থী শিবিরের ৩৫০ ব্যক্তির সাক্ষাত্কার নিয়ে এ প্রতিবেদন তৈরি করে। জাতিসংঘের তদন্ত দল তাদের বিবৃতিতে বলেছে, ‘কমিশন এই মর্মে উপসংহারে পৌঁছেছে যে সরকারি বাহিনী দ্বারা লিবিয়ায় মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কমিশন বিরোধীদের ব্যাপারে কিছু প্রতিবেদন পেয়েছে, যাকে যুদ্ধাপরাধ বলা যায়।’ তবে জাতিসংঘের তদন্ত দল উল্লেখ করেছে, বিরোধীদের অপরাধের মাত্রা ব্যাপক নয়।লিবিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে বিশেষ করে অভিবাসীদের ওপর যে ধরনের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে, সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের তদন্ত দল।