লিবিয়ায় একের পর এক শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় আরও তিনটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। গত শনিবার রাতে ব্রেগা ও উকায়লা এবং গতকাল রোববার তেলসমৃদ্ধ শহর রাস লানুফের নিয়ন্ত্রণ নেয় তারা। এখন বিদ্রোহীরা গাদ্দাফির জন্মভূমি সিরতে শহরের দিকে অগ্রসর হতে শুরু করেছে।ফ্রান্স জানায়, শনিবার রাতে তারা লিবিয়ার অন্তত পাঁচটি যুদ্ধবিমান ও দুটি হেলিকপ্টার ধ্বংস করেছে। এদিকে সামরিক জোট ন্যাটো লিবিয়ায় সামরিক অভিযানের নিয়ন্ত্রণ নিতে গতকাল রোববার রাজি হয়েছে।তিন শহরের দখল: বিদ্রোহীরা গতকাল রাস লানুফ দখলের পর সিরতের দিকে অগ্রসর হয়। পথে রাস লানুফ থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে বিন জাওয়াদ এলাকাও দখল করে তারা। বিন জাওয়াদে গাদ্দাফির প্রতিকৃতিসংবলিত একটি পোস্টারে আগুন ধরিয়ে উল্লাস করে বিদ্রোহীরা। এ সময় বিদ্রোহীরা ‘গাদ্দাফি, তুমি একটা কুকুর’ বলে স্লোগান দেয়। বিদ্রোহী সেনা মোহাম্মদ আলী এল অতিস বলেন, ‘গাদ্দাফির সেনারা এখন আতঙ্কিত ইঁদুর হয়ে গেছে। তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা অস্ত্র ও সেনা পোশাক ফেলে দিয়ে সাধারণ পোশাক পরছে।’এর আগে রাস লানুফ দখলের পর ফাঁকা গুলি ছুড়ে উল্লাস করে বিদ্রোহীরা। বিজয়ের ঘোষণা দিতে রকেটচালিত গ্রেনেড ছোড়া হয়। বিদ্রোহী সেনা আতিয়া হামাদ দাবি করেন, ‘রাস লানুফ শহর এখন আমাদের হাতে। আমরাই সবকিছু নিয়ন্ত্রণ করছি।’ তিনি জানান, গত ১২ মার্চ গাদ্দাফির সেনারা রাস লানুফের দখল নিয়েছিল। খুব দ্রুতই তাঁরা (বিদ্রোহীরা) এটা পুনরুদ্ধার করতে পেরেছেন।বিদ্রোহীরা গত শনিবার আজদাবিয়া দখলের পর রাতেই ব্রেগা ও উজালা দখল করে নেয়। এই দুটি শহর দখলের সময় গাদ্দাফির অনুগত সেনাদের কাছ থেকে তারা কোনো বাধা পায়নি বলে দাবি করে।লিবিয়ার সরকারি কর্মকর্তারা দাবি করেন, পশ্চিমা বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত অন্তত এক শ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।যুদ্ধবিমান ও সাঁজোয়া গাড়ি ধ্বংস: ফ্রান্সের সামরিক বাহিনীর ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, জিনতান ও মিসরাতা এলাকায় গত শনিবার রাতে তারা লিবিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও দুটি হেলিকপ্টার ধ্বংস করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, ব্রিটিশ বাহিনী গত শুক্রবার লিবিয়ার সামরিক বাহিনীর ওপর বিমান হামলা চালায়। এতে পাঁচটি সাঁজোয়া যান ধ্বংস হয়।অভিযানের নিয়ন্ত্রণ নেবে ন্যাটো: ২৮ সদস্য রাষ্ট্রের জোট ন্যাটোর নেতারা কয়েক দিন আলোচনার পর গতকাল অভিযানের নিয়ন্ত্রণ নিতে একমত হয়েছেন। ন্যাটোর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘বেসামরিক জনগণকে রক্ষায় লিবিয়া অভিযানের নিয়ন্ত্রণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন ন্যাটোর নেতারা।’ ন্যাটোর মহাসচিব ফগ রাসমুসেন বলেন, খুব শিগগির অভিযানের নিয়ন্ত্রণ নেবে ন্যাটো।দুর্বল হচ্ছে গাদ্দাফি বাহিনী: লিবিয়ায় গত ১৫ ফেব্রুয়ারি সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিসহ বেশ কয়েকটি শহর দখল করে বিদ্রোহীরা। পরে গাদ্দাফির বাহিনী বেনগাজি ছাড়া প্রায় সব শহরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বেনগাজির নিয়ন্ত্রণও প্রায় নিয়ে ফেলেছিল গাদ্দাফির অনুগত সেনারা। তবে ১৯ মার্চ পশ্চিমা জোটের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হলে গাদ্দাফি বাহিনী দুর্বল হতে থাকে। পশ্চিমা বাহিনীর সহায়তায় একের পর এক শহর দখল করে নিচ্ছে বিদ্রোহীরা।লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, ‘পশ্চিমা বিমান হামলায় আমাদের অনেক সেনা নিহত হয়েছে। এ সময় বেসামরিক লোকজনও হতাহত হয়।’ তিনি আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানান।বিদ্রোহীদের মুখপাত্র সামসিদ্দিন আবদুলমোল্লাহ বেনগাজিতে বলেন, গাদ্দাফি বাহিনী দুর্বল হয়ে পড়েছে। তাদের বিমানবাহিনীর শক্তি শেষ হয়ে গেছে। স্থলসেনারাও শক্তি হারিয়েছে।পোপের আহ্বান: পোপ ষোড়শ বেনেডিক্ট লিবিয়ায় যুদ্ধবিরতির জন্য শিগগিরই আলোচনায় বসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ভ্যাটিকান সিটিতে বলেন, ‘আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, রাজনৈতিক ও সামরিক নেতাসহ সংশ্লিষ্ট সবার প্রতি অস্ত্র ব্যবহার বন্ধের আহ্বান জানাচ্ছি। দেশটির সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।’মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর সাপ্তাহিক ভাষণে বলেন, ‘লিবিয়ায় সামরিক অভিযানের উদ্দেশ্য স্পষ্ট। আমরা কোনো ভুল করছি না। অভিযানের ফলে অসংখ্য নিরপরাধ মানুষের জীবন রক্ষা করা সম্ভব হচ্ছে।’ ১৭ মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিবিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নো ফ্লাই জোন প্রতিষ্ঠাসহ ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ’ নেওয়ার প্রস্তাব পাস হয়। দুই দিন পর ‘অপারেশন ওডিসি ডন’ নামের অভিযান শুরু হয়।প্রসঙ্গত, ১৯৬৯ সালে রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতায় আসেন সেনা কর্মকর্তা গাদ্দাফি। তাঁর প্রায় ৪২ বছরের শাসনের অবসানের দাবিতে গত ১৫ ফেব্রুয়ারি থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। পরে বিদ্রোহীরা বেনগাজিসহ বেশ কিছু এলাকা দখল করে নেয়। সূত্র: এএফপি, বিবিসি, রয়টার্স।