লিবিয়ায় এনটিসির উপপ্রধানের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার ক্ষমতাসীন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) উপপ্রধান আবদুল হাফিজ ঘোগা গতকাল রোববার পদত্যাগ করেছেন। আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।মুয়াম্মার গাদ্দাফিবিরোধী আন্দোলনের জন্মস্থান বেনগাজিতে এনটিসির বিরুদ্ধে বৃহত্ ও সহিংস বিক্ষোভের পর আবদুল হাফিজ ঘোগা এ পদক্ষেপ নিলেন।বেনগাজি শহরে গত শনিবার এনটিসির সদর দপ্তরে বিক্ষোভকারীরা হামলা চালায়। এ সময় এনটিসির চেয়ারম্যান মুস্তফা আবদেল জলিল সদর দপ্তরের ভেতরেই ছিলেন। পরে তিনি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান।দেশটির বর্তমান সরকার থেকে গাদ্দাফি আমলের কর্মকর্তাদের বহিষ্কার ও লিবিয়ার জাতীয় সম্পদ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে বেনগাজির জনগণ কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে।গতকাল রোববার পদত্যাগের ঘোষণা দিয়ে হাফিজ ঘোগা আল-জাজিরাকে বলেন, ‘জাতির মঙ্গলের জন্যই আমার পদত্যাগ এবং এ পর্যায়ে এটা দরকার।’ তিনি এনটিসির মুখপাত্রের দায়িত্বও পালন করেন। গাদ্দাফির পক্ষ ত্যাগে বিলম্ব করায় বিক্ষোভকারীরা তাঁকে সুবিধাবাদী হিসেব অভিহিত করছিলেন। এ কারণ গত সপ্তাহে বেনগাজি বিশ্ববিদ্যালয়ে তিনি বিক্ষোভকারীদের হামলার শিকার হন।বেনগাজির কোনো কোনো বিক্ষোভকারী পুরো এনটিসির পদত্যাগ দাবি করেছে। হাফিজ ঘোগার পদত্যাগের পর গতকাল লিবিয়ার আল হুরা টেলিভিশনে দলটির চেয়ারম্যান মুস্তফা আবদেল জলিল সতর্ক করে বলেন, এনটিসির পদত্যাগ লিবিয়াকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দেবে।