লিবিয়ায় এনটিসির সদর দপ্তরে বিক্ষোভকারীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বেনগাজি শহরে গতকাল শনিবার দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) সদর দপ্তরে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিক্ষোভকারীদের হামলার সময় এনটিসির চেয়ারম্যান মুস্তফা আবদেল জলিল সদর দপ্তরের ভেতরেই ছিলেন। পরে তিনি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান।লিবিয়ায় গাদ্দাফিবিরোধী আন্দোলনের সূত্রপাত হয়েছিল বেনগাজি থেকে। দেশটির বর্তমান সরকার থেকে গাদ্দাফির শাসনামলের কর্মকর্তাদের বহিষ্কার ও লিবিয়ার জাতীয় সম্পদ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে বেনগাজির জনগণ কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে।বিশ্লেষকদের মতে, গতকালের হামলার ঘটনা এনটিসির গ্রহণযোগ্যতার জন্য একটি বড় ধাক্কা। দেশটির জনগণ যে এনটিসির ওপর ক্ষুব্ধ, গতকালের ঘটনা তারই বহিঃপ্রকাশ। গাদ্দাফিবিরোধী আন্দোলনের অনেক সৈনিকই বর্তমান সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার তাদের যে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তা মৌলিক চাহিদা পূরণেও অপ্রতুল। এনটিসির সদর দপ্তরের বাইরে গতকাল শতাধিক তরুণ বিক্ষোভ করে। এই বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই ছিলেন যুদ্ধাহত। এনটিসির চেয়ারম্যান সদর দপ্তরের বাইরে এসে বিক্ষুব্ধ জনতার উদ্দেশে বক্তৃতা দেওয়ার চেষ্টা করলে তাঁকে লাঞ্ছিত করা হয়। বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে প্লাস্টিকের বোতল নিক্ষেপ করে। নিরাপত্তারক্ষীরা এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভের মুখে মুস্তফা আবদেল জলিল সদর দপ্তরের ভেতরে চলে যান এবং পেছনের দরজা দিয়ে এনটিসির সদর দপ্তর ত্যাগ করেন। বিক্ষোভকারীরা এনটিসির সদর দপ্তর ও আবদেল জলিলের ব্যবহূত গাড়িটি ভাঙচুর করে বলে কর্মকর্তারা জানান।