লিবিয়ায় গাদ্দাফি বাহিনীর হামলায় ৩৮ বিদ্রোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত সেনারা গতকাল শনিবার আজদাবাইদা ও উপকূলীয় শহর মিসরাতায় হামলা চালিয়েছে। এতে মোট ৩৮ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে চিকিত্সক ও বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাদ্দাফির অনুগত সেনাদের হামলায় গতকাল মিসরাতায় ৩০ বিদ্রোহী নিহত হয়েছে। আবদেল সালেম নামের বিদ্রোহীদের এক মুখপাত্র এ খবর নিশ্চিত করেছে। ওই মুখপাত্র জানিয়েছেন, সরকারি সেনারা মিসরাতার তিনটি ভিন্ন অংশে হামলা চালায়। পরে বিদ্রোহীরাও পাল্টা হামলা চালায়। উপকূলীয় বন্দর নগরী মিসরাতা বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। গাদ্দাফির টিকে থাকার জন্য এই বন্দরটি দখলে রাখা জরুরি। এদিকে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, আজদাবাইদাতেও গতকাল গাদ্দাফির অনুগত সেনারা হামলা করেছে। সেখানে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। গাদ্দাফির অনুগত সেনাদের হামলায় সেখানে আট বিদ্রোহী নিহত হয়েছে বলে চিকিত্সকেরা জানিয়েছেন। তবে বিদ্রোহীরা বলছে, গাদ্দাফির সেনাদের সঙ্গে কয়েক ঘণ্টার সংঘর্ষের পর তারা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।ন্যাটো জানিয়েছে, মিসরাতায় বিমান হামলা চালিয়ে তারা গাদ্দাফির সেনাদের ১৫টি ট্যাংক ধ্বংস করেছে। তবে বিদ্রোহীরা ন্যাটোর সমালোচনা করে বলেছে, ন্যাটো তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।