লিবিয়ায় গোপন অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র!
আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে হত্যায় যুক্তরাষ্ট্র যে বিশেষ অভিযান পাকিস্তানে চালিয়েছিল, একই ধরনের এক বিশেষ গোপন অভিযান লিবিয়ায় চালানোর প্রস্তুতি নিচ্ছে তারা। বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে হামলার ঘটনার সঙ্গে জড়িত জঙ্গিদের আটক বা হত্যার লক্ষ্যে এ প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও গোয়েন্দা সংস্থাগুলো। বিভিন্ন গণমাধ্যমের খবরের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার পিটিআইয়ে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদন নিয়ে ও লিবীয় সরকারের সঙ্গে আলোচনা করে এ ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। জঙ্গিদের বিরুদ্ধে ড্রোন বা পাকিস্তানের অ্যাবোটাবাদে আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার অভিযানের অনুরূপ হতে পারে এ হামলা। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে ‘দ্য নিউইয়র্ক টাইমস’ জানায়, যৌথভাবে বিশেষ অভিযানে নিয়োজিত কমান্ড এখন সন্দেহভাজন ব্যক্তিদের বিস্তারিত তথ্য সংকলন করছে। এই লক্ষ্যে তারা পেন্টাগন ও সিআইএর সঙ্গে কাজ করে যাচ্ছে এবং তারা অভিযানের প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে। এসব প্রতিবেদনের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও সিআইএ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।যুক্তরাষ্ট্রে নির্মিত একটি ইসলামবিরোধী চলচ্চিত্রের জের ধরে প্রায় তিন সপ্তাহ আগে লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় মার্কিন রাষ্ট্রদূতসহ যুক্তরাষ্ট্রের চারজন নাগরিক নিহত হন। হামলাটি পরিকল্পিত ছিল বলে মার্কিন গোয়েন্দাদের সন্দেহ।