লিবিয়ায় চালকবিহীন মার্কিন যুদ্ধবিমান ব্যবহারের অনুমোদন
লিবিয়ায় ন্যাটোর সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্রবাহী চালকবিহীন বিমান ব্যবহার করবে। প্রেসিডেন্ট বারাক ওবামা এরই মধ্যে এ বিষয়ে অনুমোদন দিয়েছেন বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেইটস গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন। বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে। রবার্ট গেইটস বলেছেন, লিবিয়ায় গাদ্দাফি বাহিনীর ওপর বিমান হামলায় সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য চালকবিহীন বিমানগুলো ব্যবহার করা হবে।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ন্যাটোকে ক্ষেপণাস্ত্র সজ্জিত দুটি চালকবিহীন বিমান দেবে । আজই সেই বিমান তাদের প্রথম হামলা শুরু করতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন । গেইটস বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা বলেছেন, আমাদের কিছু ক্ষমতা আছে যা অন্য কারও নেই। তিনি সে ক্ষমতাগুলো ব্যবহার করতে চান এবং তা অনুমোদনও করেছেন।’ বর্তমানে আফগানিস্তান সীমান্তসংলগ্ন পাকিস্তানের কিছু এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এ ধরনের চালকবিহীন বিমান ব্যবহার করছে। গেইটস বলেন, এমন বিমান ব্যবহারের ফলে গাদ্দাফি বাহিনীর ট্যাংক এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানা সম্ভব হবে।