লিবিয়ায় জিবরিলই জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফিকে উত্খাতের পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে মাহমুদ জিবরিলের নেতৃত্বাধীন জোট। গতকাল মঙ্গলবার রাতে বিবিসি অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়।স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসির খবরে বলা হয়, গত বছর গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধ চলাকালে বিদ্রোহীদের নির্বাচিত দেশটির প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলের নেতৃত্বাধীন জোট দি ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্স (এনএফএ) গণপরিষদ জেনারেল ন্যাশনাল কংগ্রেসে (জিএনসি) রাজনৈতিক দলগুলোর জন্য সংরক্ষিত ৮০টি আসনের মধ্যে ৩৯টি আসনে জয়ী হয়েছে। মুসলিম ব্রাদারহুডের দলটি পেয়েছে ১৭টি আসন।এখন গণপরিষদের সার্বিক পরিস্থিতি কী দাঁড়াচ্ছে, তা পরিষ্কার নয়। বিবিসির রানা জাওয়াদ ত্রিপোলি থেকে জানান, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেকোনো দলই গণপরিষদের নেতৃত্ব দিতে পারে। এ ক্ষেত্রে জিএনসির ১২০ স্বতন্ত্র প্রার্থীর সমর্থন পাওয়াটা বিরাট ভূমিকা রাখতে পারে।অন্য দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্ট জাস্টিস অ্যান্ড কনস্ট্রাকশন পার্টি দাবি করেছে, দলটি জিএনসির স্বতন্ত্র সদস্যদের জন্য সংরক্ষিত আসন থেকে সমর্থন লাভ করেছে।ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকেরা বলেন, কৌশলগত কারণে কিছু এলাকায় বিলম্ব ও সহিংসতার কারণে ভোট গ্রহণে বাধা সৃষ্টি হলেও ৭ জুলাইয়ের নির্বাচন অনেকাংশেই শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন কমিশনের তালিকাভুক্ত ৬২ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।ভোট গণনার এ হিসাবের বিরুদ্ধে আগামী দুই সপ্তাহের মধ্যে আপিল করা যাবে। গত ৭ জুলাই অনুষ্ঠিত এ নির্বাচনে শতাধিক রাজনৈতিক দল অংশ নেয়। বেশির ভাগ দলই গত কয়েক মাসের মধ্যে গঠিত হয়। ১৯৬৯ সালে কর্নেল গাদ্দাফি ক্ষমতায় আসার পর লিবিয়ায় এই প্রথমবারের মতো গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলো। ১৯৫২ সালে লিবিয়া স্বাধীন হওয়ার কিছু দিন পর দেশটিতে প্রথম অবাধে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সর্বশেষ জাতীয় ভোট অনুষ্ঠিত হয় ১৯৬৫ সালে। তাতে কোনো রাজনৈতিক দল অংশ নেওয়ার অনুমতি পায়নি। গত সপ্তাহে বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে জিবরিল দলগুলোর কাছে একটি জোট সরকার গঠনের আহ্বান জানান।