লিবিয়ায় দুই জঙ্গিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত ২০
লিবিয়ার দক্ষিণাঞ্চলে গতকাল মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী দুটি জঙ্গিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ২০ জন নিহত হয়েছে। আঞ্চলিক একটি হাসপাতালের চিকিত্সক ইব্রাহিম মিসবাহর বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, গতকাল ওই দুই জঙ্গিগোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে ২০ জন নিহত ও ৪০ জনেরও বেশি জঙ্গি আহত হয়েছে।স্থানীয় কাউন্সিলের সদস্য আহমেদ আবদেলকাদির বলেন, গত রোববার থেকেই সাবেক দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তিনি বলেন, লিবিয়ার চতুর্থ বৃহত্তম শহর শাবার প্রান্তে জঙ্গিরা বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।এদিকে, ওইদাত আল-হিফনাউই নামের এক শাবা যোদ্ধা বলেন, বিমানবন্দর রোড এবং বিমানবন্দরের প্রবেশপথকে কেন্দ্র করে ওই সংঘর্ষ চলে। ওই প্রবেশ পথটি টিবু গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। ওইদাত বলেন, ‘বিমানবন্দরটি এখন পুরোপুরি আমাদের দখলে। তবে, এই মুহূর্তে সেটি অকার্যকর রয়েছে।’ এ ব্যাপারে টিবু গোষ্ঠীর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।লিবিয়ার স্বৈরশাসক গাদ্দাফির পতনের পর থেকে ক্ষমতাশীল ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) দেশের সর্বস্তরে তাদের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করছে। অন্যদিকে, বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী ও উপজাতি গোষ্ঠীগুলোও ক্ষমতা ও সম্পদের অধিকার পেতে তত্পর হয়ে পড়েছে। এর জের ধরেই সংঘর্ষের সূত্রপাত বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।