লিবিয়ায় দুই পশ্চিমা সাংবাদিক নিহত
লিবিয়ার মিসরাতা শহরে গাদ্দাফি অনুগত বাহিনীর সদস্য ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে গতকাল বুধবার কমপক্ষে পাঁচজন সাধারণ নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে দুজন বিদেশি সাংবাদিকও রয়েছেন বলে জানা গেছে। আল-জাজিরা অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে । গত কয়েক সপ্তাহে শহরটিতে গাদ্দাফি অনুগত এবং বিদ্রোহীদের সংঘর্ষে শতাধিক লোকের প্রাণহানি ঘটে। এ অবস্থায় সেখানে মানবিক বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে সাহায্য সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে। সেখানে উভয় পক্ষের মধ্যে এখনো তুমুল সংঘর্ষ চলছে। এদিকে লিবিয়ার বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছেন, মিসরাতায় ন্যাটো বাহিনী পুরোপুরি ব্যর্থ হয়েছে।মিসরাতায় গতকালের সংঘর্ষে নিহত দুই পশ্চিমা সাংবাদিক হলেন—ক্রিস হনদ্রোস ও টিম হেথরিংটন। তাঁরা দুজনই ফটোসাংবাদিক।ব্রিটিশ ফটোসাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা টিম হেথরিংটন সিয়েরা লিওন, লাইবেরিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিতিশীলতার ছবি তুলেছেন। তাঁর ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি আফগানিস্তানে মার্কিন সেনাদের ওপর একটি প্রামাণ্যচিত্রও যৌথভাবে পরিচালনা করেছিলেন। প্রামাণ্যচিত্রটি এ বছরের অস্কারের জন্য মনোনীত হয় ।নিহত অপর মার্কিন ফটোসাংবাদিক ক্রিস হনদ্রোস কসোভো, সিয়েরা লিওন, আফগানিস্তান, অ্যাঙ্গোলা, লেবানন, কাশ্মীর, পশ্চিম তীর, ইরাক, লাইবেরিয়ায় যুদ্ধ ও অস্থিতিশীলতার যুদ্ধের ছবি তুলে খ্যাতি অর্জন করেছিলেন। এ ছাড়া গতকালের সংঘর্ষে আরও তিন পশ্চিমা সাংবাদিক আহত হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।