লিবিয়ায় নারী-শিশুসহ নিহত ১৬, নির্বাচন ৭ জুলাই পর্যন্ত মুলতবি
লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় কুফরা শহরে নিরাপত্তা বাহিনী ও উপজাতীয় যোদ্ধাদের মধ্যে গত দুই দিনের সংঘর্ষে নারী-শিশুসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এদিকে এ মাসে অনুষ্ঠেয় নির্বাচন ৭ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে।কর্মকর্তারা জানান, কুফরা শহরের একটি পুলিশ ফাঁড়িতে স্থানীয় তৌবু উপজাতীয় যোদ্ধাদের হামলার জের ধরে গত শনিবার থেকে এ সংঘর্ষ শুরু হয়। তাঁরা নিকটবর্তী একটি নিরাপত্তা ভবনে হামলা চালান। এ ঘটনায় নারী-শিশুসহ কমপক্ষে ১৬ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে। নিহত লোকের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, সংঘর্ষের পর শহরের সব দোকান ও বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শহরজুড়ে বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।এদিকে, হামলার দায় অস্বীকার করেছেন তৌবু গোষ্ঠীর প্রতিনিধিরা। তাঁদের দাবি, নিরাপত্তা বাহিনী দিরা ব্রিগেডের সদস্যরাই তাঁদের ওপর হামলা চালিয়েছেন। ব্রিগেডের সদস্যরা তৌবু গোষ্ঠীকে ধ্বংস করতে চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তাঁরা।