লিবিয়ায় নারীদের ভূমিকা হবে সক্রিয়: জলিল
লিবিয়ার বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তী কাউন্সিলের (এনটিসি) প্রধান মুস্তফা আবদেল জলিল বলেছেন, উদার মুসলিম গণতান্ত্রিক শাসনব্যবস্থা লিবিয়ায় প্রবর্তন করা হবে। তবে কোনো উগ্র মতাদর্শ সহ্য করবে না। তিনি আরও বলেন, লিবিয়ার নতুন সরকারে নারীদের সক্রিয় ভূমিকা থাকবে। গতকাল সোমবার রাজধানী ত্রিপোলিতে সমবেত প্রায় ১০ হাজার জনতার উদ্দেশে তিনি এ কথা বলেন। লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর এই প্রথম তিনি ত্রিপোলিতে জনসম্মুখে বক্তব্য দেন।এনটিসি নেতা বলেন, ‘আমরা আইনের শাসন ও সমৃদ্ধশালী একটি রাষ্ট্র চাই। নতুন লিবিয়ার আইনের প্রধান উত্স হবে ইসলামি শরিয়া।’গাদ্দাফির সাবেক মিত্রদের ওপর বিদ্রোহীদের প্রতিশোধমূলক হামলা না চালানোর আহ্বান জানিয়েছে তিনি বলেন, তাদের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে। এনটিসি নেতা আরও বলেন, ‘আমরা একটি উদার মুসলিম জাতি। আমরা এটিকে অক্ষুণ্ন রাখব। আপনারা আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে সমর্থন জানাবেন। যারা আমাদের বিপ্লবকে ছিনতাই করার চেষ্টা করবে আপনারাই তাদের বিরুদ্ধে প্রধান অস্ত্র।’ তিনি সমর্থকদের উদার ইসলামের ভিত্তিতে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।লিবিয়ায় গাদ্দাফিবিরোধী বিক্ষোভের শুরুতে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন লিবিয়া সরকারের সাবেক বিচারমন্ত্রী মুস্তফা আবদেল জলিল। এরপর বিদ্রোহীদের সদর দপ্তর বেনগাজি থেকে গাদ্দাফি পতনের আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। গত শনিবার তিনি ত্রিপোলিতে ফেরেন। রয়টার্স ও বিবিসি অনলাইন।