লিবিয়ায় নিহত এক হাজার, ওবামার তীব্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় একনায়ক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিক্ষোভে এ পর্যন্ত প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সকো ফ্রাতিনির বরাত দিয়ে আল জাজিরা অনলাইনে এ খবর জানানো হয়েছে।এদিকে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল বুধবার এক টেলিভিশন ভাষণে লিবিয়ায় সহিংস উপায়ে বিক্ষোভ দমনের কড়া সমালোচনা করেছেন। সংকট নিরসনে তিনি তাঁর জাতীয় নিরাপত্তা দলকে সর্বাত্মক প্রস্তুতি নিতেও নির্দেশ দিয়েছেন।ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সকো ফ্রাতিনি দাবি করেছেন, লিবিয়ায় গাদ্দাফিবিরোধী বিক্ষোভে কমপক্ষে এক হাজার মানুষ নিহত হয়েছে বলে তাঁদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে।ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস বলছে, লিবিয়ায় নিহত মানুষের সংখ্যা কমপক্ষে ৭০০। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউমান রাইট ওয়াচ বলছে, নিহত মানুষের সংখ্যা প্রায় ৩০০।লিবিয়ার সংকট বিষয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনাকে ‘দুঃখজনক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।ওবামা বলেছেন, লিবিয়া বিষয়ে বিশ্ববাসীকে এক সুরে কথা বলতে হবে। যুক্তরাষ্ট্র তাঁর মিত্রদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেবে।বিক্ষোভকারীদের বিরুদ্ধে গাদ্দাফি তাঁর যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া দিলেন। গাদ্দাফি এক টিভি ভাষণে বিক্ষোভকারীদের কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন।ওবামা তাঁর ভাষণে সরাসরি গাদ্দাফির সমালোচনা না করলেও সহিংস উপায়ে বিক্ষোভ দমনের সমালোচনা করেছেন। তিনি বলেন, এই দুর্ভোগ ও হানাহানি দুঃখজনক ও অগ্রহণযোগ্য। বিক্ষোভকারীদের ওপর গুলি ও পিষে ফেলার নির্দেশ আন্তর্জাতিক মূল্যবোধের লঙ্ঘন। এটা বন্ধ করতে হবে।এদিকে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন, লিবিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তুত রয়েছে।গাদ্দাফিবিরোধী বিদ্রোহী সেনাসমর্থিত বিক্ষোভকারীরা লিবিয়ার পূর্বাঞ্চলে তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এদিকে লিবিয়ায় অবস্থানরত হাজার হাজার বিদেশি নাগরিক নানা উপায়ে সে দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।