লিবিয়ায় ন্যাটোর গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় জ্লিতেন শহরে গতকাল মঙ্গলবার ন্যাটোর একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ কথা জানিয়েছে। গতকাল লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ন্যাটোর একটি বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি দেখানোর পরপরই সংস্থাটির পক্ষ থেকে এ স্বীকারোক্তি এল। ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে, লিবিয়ার বিরুদ্ধে গোয়েন্দা কাজে এমকিউ-৮বি ফায়ার স্কট নামের এই ছোট চালকবিহীন হেলিকপ্টারটি ব্যবহার করা হচ্ছিল। লিবিয়ায় এ ধরনের দুটি হেলিকপ্টার মোতায়েন ছিল। লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বিধ্বস্ত হেলিকপ্টারটির ছবি দেখিয়ে দাবি করা হয়, দেশটির সেনাবাহিনী জ্লিতেনের কাছে গুলি করে ন্যাটোর একটি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার ভূপাতিত করেছে।তবে ন্যাটোর মুখপাত্র উইং কমান্ডার মাইক ব্র্যাকেন বলেন, লিবিয়ায় তারা কোনো অ্যাপাচি হেলিকপ্টার হারায়নি। একটি গোয়েন্দা হেলিকপ্টার হারিয়েছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে।