লিবিয়ায় ন্যাটোর বিমান হামলা, ১৯ বেসামরিক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় গতকাল সোমবার ন্যাটোর বিমান হামলায় ১৯ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা দাবি করেছেন। গত রোববার রাজধানী ত্রিপোলিতে ন্যাটোর বিমান হামলায় নয় বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার এক দিন পরই এ ঘটনা ঘটল। ওই ঘটনায় ন্যাটো তাদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লিবিয়ার কর্মকর্তারা সাংবাদিকদের ঘটনাস্থল পরিদর্শন করিয়েছেন। ত্রিপোলি থেকে ৭০ কিলোমিটার দূরে সুরমান এলাকায় এ হামলা ঘটে বলে তাঁরা দাবি করেন। কর্মকর্তাদের দাবি, গাদ্দাফির অন্যতম সহযোগী ও বিপ্লবী কমান্ড কাউন্সিলের সদস্য খুইলদি হামিদির বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহতদের মধ্যে হামিদির পরিবারের সদস্যরাও রয়েছে। তবে খুইলদি হামিদি অক্ষত আছেন। রয়টার্স জানিয়েছে, পরে সাংবাদিকদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদেরকে নয়টি মৃতদেহ দেখানো হয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি জানিয়েছে, নিহত ১৯ জনের মধ্যে আটটি শিশু রয়েছে। ন্যাটো দাবি করেছে, সুরমান এলাকায় তারা একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালায়। তবে হামলায় কোনো বেসামরিক লোক নিহত হওয়ার খবর তারা নিশ্চিত করেনি।