লিবিয়ায় পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়া, মিসরের পর এবার সরকারবিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছে লিবিয়া। গতকাল সোমবার রাজধানী ত্রিপোলিতে ক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে। তারা কয়েকটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। শুধু ত্রিপোলিতেই গতকাল সহিংসতায় নিহত হয়েছে ৬১ জন। গত কয়েক দিনে ত্রিপোলি ছাড়া লিবিয়ায় বিক্ষোভে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। ক্ষমতাসীনদের সদর দপ্তর, বেনগাজিসহ লিবিয়ার বেশ কয়েকটি শহর এখন বিক্ষোভকারীদের দখলে। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি রাজধানী ছেড়ে তাঁর নিজ শহর অথবা মরুভূমিতে তাঁর তাঁবুতে পালিয়েছেন —এমন গুজব ছড়িয়ে পড়েছে।মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে বলেছেন, ‘সরকার শেষ পর্যন্ত লড়ে যাবে। সংস্কার প্রস্তাব না মানলে লিবিয়ায় রক্তের নদী বয়ে যাবে।’ দেশটি গৃহযুদ্ধের মুখোমুখি বলেও তিনি হুঁশিয়ার করে দেন। খবর রয়টার্স, এএফপি ও বিবিসির।বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগের প্রতিবাদে গতকাল পদত্যাগ করেছেন দেশটির বিচারমন্ত্রী মুস্তফা আবদেল জলিল। লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিসহ পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে গত সপ্তাহ থেকে বিক্ষোভ চলছে। তবে রাজধানী ত্রিপোলিতে গতকাল প্রথমবারের মতো সহিংসতার বিস্তার ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ত্রিপোলির কেন্দ্রস্থলের বেশ কিছু এলাকায় ব্যাপক গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় ত্রিপোলির গ্রিন স্কয়ারে বিক্ষোভে যোগ দেওয়া এক ব্যক্তি জানান, ওই এলাকার আশপাশের ভবনের ছাদ থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে অনেকেই মাথায় ও পিঠে গুলিবিদ্ধ হন। আল-জাজিরা টেলিভিশন ত্রিপোলির হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায়, বিক্ষোভে ৬১ জন নিহত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যাংক ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করে। ক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি পুলিশ স্টেশন পুড়িয়ে দেয়। রাজধানীর একজন বাসিন্দা আবদেল মোহাম্মদ সালেহ বলেন, গতকাল লিবীয় যুদ্ধবিমান ত্রিপোলিতে শোক মিছিলে নির্বিচারে বোমাবর্ষণ করেছে। গতকাল ত্রিপোলির বিভিন্ন সড়কে বিক্ষোভ করে সরকারবিরোধীরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, সকালের দিকে অধিবেশন শুরুর পর পার্লামেন্ট ভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা। ত্রিপোলিতে ক্ষমতাসীন দলের একটি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ভবনে লুটপাট চালায় ক্ষুব্ধ জনতা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনেও আগুন দেয় বিক্ষোভকারীরা।বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগের প্রতিবাদে লিবিয়ার নাফুরা তেলক্ষেত্র থেকে তেল উত্তোলন বন্ধ করে দিয়েছেন কর্মীরা। এ ছাড়া তেল কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়ামও (বিপি) কাজ বন্ধ করেছে বলে জানা গেছে।ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ গতকাল বলেছেন, তাঁর কাছে এমন তথ্য রয়েছে যে, মুয়াম্মার গাদ্দাফি ভেনেজুয়েলায় পালিয়ে যেতে পারেন। তবে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ এ ধরনের খবরকে নাকচ করে দিয়েছেন। মুয়াম্মার গাদ্দাফি লিবিয়া ছেড়ে পালিয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়লে হাজারো মানুষ রাস্তায় নেমে এসে উল্লাস শুরু করে। এরপর টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন গাদ্দাফির ছেলে সাইফ। তিনি জানান, তাঁর বাবা লিবিয়াতেই আছেন। সরকারবিরোধীদের বিরুদ্ধে ‘যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন’। সাইফ বলেন, ‘লিবিয়া এখন এক সন্ধিক্ষণে। সরকারবিরোধী বিক্ষোভকারীরা সংস্কারের প্রস্তাব মেনে না নিলে দেশে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হবে। এতে হাজার হাজার মানুষ নিহত হবে। দেশে রক্তের নদী বয়ে যাবে।’ তিনি ভাষণে গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক সংস্কারের প্রস্তাবও দেন। নতুন সংবিধান ও গণমাধ্যমের আরও স্বাধীনতা দেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘আপনারা চাইলে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তন করা হবে।’ বিক্ষোভকারীদের ওপর পুলিশ ও সেনাসদস্যদের হামলাকে তিনি ‘ভুল’ বলে স্বীকার করেন। এতে নিহতের সংখ্যা যা বলা হচ্ছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক কম বলে দাবি করেন তিনি। বিক্ষোভকারীদের বিভিন্ন দাবিকে ‘মাতালের প্রলাপ’ উল্লেখ করে সাইফ বলেন, ‘লিবিয়া তিউনিসিয়া বা মিসর নয়।’ তিনি বলেন, শেষ উত্তরসূরি থাকা পর্যন্ত তাঁরা লড়াই চালিয়ে যাবেন।নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গতকাল জানায়, লিবিয়ায় সহিংসতায় মৃতের সংখ্যা ২৩৩ জনে পৌঁছেছে। ত্রিপোলিতে নিহতের সংখ্যা এই হিসাবের বাইরে। বিচারবহির্ভূত হত্যা ও বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ বন্ধ করতে লিবিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শত শত লিবীয় অস্ত্র নিয়ে ত্রিপোলির পশ্চিমাঞ্চলে সিউল পরিচালিত একটি প্রকল্পে হামলা চালিয়ে লুটপাট করে। এতে ১৫ বাংলাদেশি ও তিন কোরিয়ান নাগরিক আহত হন। বেনগাজি, টবরুক, আল বেডা ও মিসরাটা শহরে সরকারবিরোধী বিক্ষোভের খবর পাওয়া গেছে।আরব লিগে নিযুক্ত লিবিয়ার দূত আবদেল মোনেইম আল-হোনি, ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত আলী আল ইসায়ি এবং চীনে নিযুক্ত রাষ্ট্রদূত সরকারবিরোধী বিক্ষোভে শক্তি প্রয়োগের প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আরব লিগের প্রধান আমর মুসা লিবিয়ার বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।১৯৬৯ সালে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানে লিবিয়ার ক্ষমতায় আসেন মুয়াম্মার গাদ্দাফি। তাঁর ৪১ বছরের শাসনের অবসানের দাবিতে গত মঙ্গলবার থেকে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।গত মাসে গণ-অভ্যুত্থানে তিউনিসিয়ার প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী এবং ১১ ফেব্রুয়ারি মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক পদত্যাগ করতে বাধ্য হন।