লিবিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গোলাগুলি
লিবিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আবদুর রহিম আল-কিবের ত্রিপোলির কার্যালয়ে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। সাবেক বিদ্রোহীরা তাদের পাওনা আদায়ের দাবিতে এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় ভবনের ভেতরে থাকা একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।মোহাম্মদ আলসাবি নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক গণমাধ্যম কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, ভবনের ভেতর গোলাগুলির শব্দ শোনা গেছে। ঘটনার পরপরই বিমানবিধ্বংসী বন্দুকভর্তি বেশ কয়েকটি ট্রাক প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে রাখে। তবে ঘটনার সময় প্রধানমন্ত্রী কার্যালয়ে ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।বিবিসি আরও জানায়, বিশেষ একটি প্রকল্পের সরকারি বরাদ্দকৃত অর্থ না দেওয়ায় গত বছর গাদ্দাফি সরকার উত্খাতে নেতৃত্ব দেওয়া বিদ্রোহীরা এ হামলা চালায়। এ অর্থ ভাতা আকারে দেওয়ার কথা থাকলেও দুর্নীতির অভিযোগ এনে প্রকল্পটি বাতিল করা হয়।জানা গেছে, হামলার সময় কার্যালয়ের ভেতর অন্যদের সঙ্গে উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন।সরকারি এক কর্মকর্তা জানান, কামান-বিধ্বংসী অস্ত্রশস্ত্র নিয়ে বহু লোক ভবনকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তিনি আরও বলেন, একসময় হামলাকারীদের কেউ কেউ ভবনের ভেতর ঢুকেও গুলি ছোড়ে।